হোভারবোর্ড দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
হোভারবোর্ড চালানোর সময় বাসের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে এক ব্রিটিশ কিশোর। বৃহস্পতিবার রাতে পশ্চিম লন্ডনের অ্যালপারটনের গ্ল্যাসিয়ার ওয়েতে ওই দূর্ঘটনা ঘটে।
বিবিসি জানিয়েছে, ১৫ বছর বয়সী ওই কিশোর একটি ‘সেলফ-ব্যালেন্সিং স্কুটার’ চালাচ্ছিল বলে নিশ্চিত করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। এখনও তাকে আইনানুগভাবে শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
দুর্ঘটনার সময় রাস্তা পার হচ্ছিলেন ঘটনার প্রত্যক্ষদর্শী জেফরি মিঙ্গেল। তিনি বলেন, “আমি ছেলেটিকে হোভারবোর্ডের উপরে দেখলাম, আমি তার সামনেই দাঁড়িয়ে ছিলাম আর সে রাস্তায় পড়ে গেল। সে উঠতে চেষ্টা করেছিল কিন্তু সে অত জলদি উঠতে পারেনি, তারপর বাসটি তাকে ধাক্কা দিল।” বাসের নাম্বার ২২৪ ছিল বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় কাউন্সিলর জেইমস ডেনসলো এক টুইটার পোস্টে বলেন, “গত রাতে হোভারবোর্ড চালানোর সময় অ্যালপারটনে বাসের সঙ্গে দুর্ঘটনায় ১৫ বছরের এক কিশোরের মৃত্যুর খবরে আমরা শোকাহত।”
‘সেলফ-ব্যালেন্সিং স্কুটার’, ‘হোভারবোর্ড’ আর ‘রাইডএবল’-এর মতো অনেক নামে পরিচিত। যুক্তরাজ্যের ফুটপাত আর রাস্তায় এগুলো চালানো নিষিদ্ধ। দেশটির বিচার বিভাগ এগুলো ‘রাস্তায় চালানো বৈধ নয়’ বলে নির্দেশনা দিয়েছে আগেই।
যুক্তরাজ্যের যোগাযোগবিষয়ক অধিদপ্তর ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টের ভাষ্যমতে, শুধু মালিকের সম্মতিতে ব্যক্তিগত সম্পত্তিতেই এগুলো চালানো বৈধ।
সেগওয়ে স্কুটারের ক্ষেত্রেও একই রকম আইন প্রযোজ্য। ফুটপাতে ওই স্কুটার চালানোর অভিযোগে ৭৫ ইউরো জরিমানা দিতে হয়েছিল এক ব্যক্তিকে।
