২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এআই গবেষণায় শতকোটি ডলার

শুক্রবার যাত্রা শুরু করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’। নতুন এই প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়েব জায়ান্ট গুগলের গবেষক বিজ্ঞানী ইলিয়া সাটসকেভার। 

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 04:25 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, প্রযুক্তি প্রতিষ্ঠান ফেইসবুক তাদের এআই (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) ওপেন-সোর্স করে দেওয়ার একদিন পরেই এই অলাভজনক প্রতিষ্ঠানটির ঘোষণা দেওয়া হল। এআই নিয়ে গবেষণার জন্য শতকোটি ডলার পাচ্ছে প্রতিষ্ঠানটি।

নিজেদের লক্ষ্য নিয়ে ‘ওপেনএআই’ এক পোস্টে লিখেছে, “আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি প্রক্রিয়ায় ডিজিটাল ইন্টেলিজেন্স-এর উন্নতি সাধন করা, যার সুফল সমগ্র মানবজাতি ভোগ করতে পারবে।” প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্ট্রাইপ-এর সাবেক সিটিও গ্রেগ ব্রকম্যান। নতুন প্রতিষ্ঠান ওপেনএআই-তেও ব্রকম্যান সিটিও হিসেবেই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে টেক্রকাঞ্চ।

ওপেনএআই-এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছেন, ট্রেভর ব্ল্যাকওয়েল, ভিকি চ্যাং, আন্দ্রেজ কার্পাথি, ডার্ক কিংমা, জর্জ শুলমান, পামেলা ভাগাটা, ওজেক জারেম্বা, পিয়েতর আবেল, জশুয়া বেনজিও, অ্যালান কে, সের্গেই লেভিন ও ভিশাল সিক্কা। এদের সবাই বিখ্যাত গবেষক ও প্রকৌশলী বলে জানিয়েছে টেকক্রাঞ্চ। এ ছাড়াও ওপেনএআই-এর যুগ্ম-সভাপতি হিসেবে যৌথভাবে দায়িত্ব পালন করবেন স্যাম অল্টম্যান এবং ইলন মাস্ক।

অল্টম্যান, ব্রকম্যান, মাস্ক, জেসিকা লিভিংস্টোন, পিটার থেইল, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, ইনফোসিস ও ওয়াইসি রিসার্চ অলাভজনক এই প্রতিষ্ঠানটির তহবিলের জন্য শতকোটি ডলার অনুদান দিয়েছে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ।