যদি আইফোন পোর্ট হয় পানি নিরোধক!
পানি নিরোধক আইফোন পোর্টের পেটেন্টের জন্য আবেদন করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ২০১৪ সালের জুন মাসে অ্যাপল ওই পেটেন্টের জন্য আবেদন করলেও প্রতিষ্ঠানটি নতুন পেটেন্ট সম্পর্কে জানিয়েছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, অ্যাপলের পানি নিরোধক আইফোন পোর্টের পেটেন্ট নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটি ‘সেলফ-হিলিং ইলাস্টোমিটার’ প্রযুক্তির উপর বেশি জোর দিয়েছে।
‘সেলফ-হিলিং ইলাস্টোমিটার’ বা রাবার প্রয়োজনের সময় বড় হতে এবং পরে আবার ছোট হয়ে নিজের আগের আকৃতিতে ফিরে আসতে পারবে। এতে করে ডিভাইসের ভেতরের স্পর্শকাতর হার্ডওয়্যারগুলো নিরাপদ থাকবে। অ্যাপলের পেটেন্ট নথিতে লেখা রয়েছে, ওই রাবারটি ডিভাইসের এক্সটার্নাল জ্যাক ‘সিল’ করার জন্য ব্যবহার করা হবে। হতে পারে ওই এক্সটার্নাল জ্যাক হেডফোন অথবা পাওয়ার কর্ড।
যখন এক্সটার্নাল জ্যাকে প্লাগ ইনসার্ট করা হবে, তখন রাবারের ওই সিলটি স্বয়ংক্রিয়ভাবে সড়ে যাবে। আবার প্লাগ খুলে ফেলা মাত্র আগের অবস্থানে ফিরে আসবে রাবারের ওই সিল। পানি ছাড়াও ইলাস্টোমিটার ডিভাইসকে ধুলা, ময়লা ইত্যাদি থেকে রক্ষা করবে বলেই জানিয়েছে ভার্জ।
পানি নিরোধক পোর্টের বিষয়টি নতুন কিছু নয়, অন্যান্য অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যেই নিজেদের ডিভাইসে পানি নিরোধক পোর্ট যুক্ত করেছে। তবে অ্যাপলের নতুন পেটেন্ট আবেদনের মানে এই নয় যে, অ্যাপল শীঘ্রই সম্পূর্ণ পানি নিরোধক ডিভাইস বাজারজাত করতে যাচ্ছে। অ্যাপলের এ ধরনের একটি পানি নিরোধক লজিকবোর্ডের পেটেন্ট রয়েছে।
আইফোন ৬ এবং ৬এস-এ ওই পানি নিরোধক লজিকবোর্ড ব্যবহার করা হয়েছে। এতে আইফোন দুটি সম্পূর্ণ পানি নিরোধক না হলেও, আগের আইফোনের চেয়ে টেকসই হয়েছে বলেই মন্তব্য করেছে ভার্জ।
