২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার ঝুঁকিতে অ্যাপল

আগের বছরগুলোর তুলনায় ২০১৫ সালে অ্যাপল ডিভাইসে সাইবার আক্রমণের হার বেড়েছে। ২০১৬ সালে প্রতিষ্ঠানটির অপারেটিং সিস্টেমে আরও বেশি সাইবার আক্রমণ হওয়ার আশঙ্কা করছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 03:10 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ২০১৬ সালে অ্যাপল ডিভাইস সংক্রমণের লক্ষ্য নিয়ে তৈরি ম্যালওয়্যারের সংখ্যা ব্যাপক হারে বাড়বে বলে আশঙ্কা করছে সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ফায়ারআই। অ্যাপল পে-এর মতো সেবাগুলো সাইবার আক্রমণের শিকার হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে অ্যান্টিভাইরাস নির্মাতা সিম্যানটেক জানিয়েছে, চলতি বছর অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস-এর ম্যালওয়্যারের সংখ্যা দ্বিগুণ হয়েছে আগের বছরের তুলনায়। বেড়েছে ম্যাক কম্পিউটারের নিরাপত্তা ত্রুটি। এ প্রসঙ্গে সিম্যানটেক-এর গবেষক ডিক ও’ব্রায়ান বলেন, “সাইবার অপরাধীদের টার্গেট তালিকায় অ্যাপল থাকার মূল কারণ হল, প্রতিষ্ঠানটির পণ্যের জনপ্রিয়তা।”  

২০১৪ সালে প্রতি মাসে গড়ে ১০ থেকে ৭০ হাজার ম্যাক কম্পিউটার ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়েছে। সিম্যানটেকের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেম ওএসএক্স চালিত কম্পিউটারে ম্যালওয়ার সংক্রমণের ঘটনা ছিল ২০১৪ সালের তুলনায় সাতগুণ বেশি।

এ প্রসঙ্গে ও’ব্রায়ান বলেছেন, “উইন্ডোজ ডেস্কটপের তুলনায় এই সংখ্যা খুবই নগণ্য এবং আমরা এ বিষয়ে গুজব তৈরি করতে চাই না। অ্যাপল এখনও যথেষ্ট নিরাপদ প্লাটফর্ম, কিন্তু অ্যাপল গ্রাহকদের এখন আরেএই নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট থাকাটা ঠিক হবে না।”   

ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ম্যাক কম্পিউটার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বলে ওই প্রতিষ্ঠানগুলোর উপর সাইবার অপরাধীদের আক্রমণ আগের তুলনায় বাড়ছে বলে জানিয়েছে বিবিসি।