তুরস্কে টুইটারকে জরিমানা
‘সন্ত্রাসী প্রোপাগান্ডা’ সড়াতে ব্যর্থ হওয়ায় মাইক্রোব্লগিং সেবা টুইটার-কে ৫১ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে তুরস্কের যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এর আগেও দেশটিতে বিভিন্ন জটিলতার মুখে পড়তে হয়েছে মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে।
তুরস্কে নানাবিধ ঝামেলায় জড়ালেও এবারই প্রথম প্রতিষ্ঠানটি জরিমানার সম্মুখীন হল বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
ঠিক কোন কনটেন্টগুলোর জন্য টুইটারকে জরিমানা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও জানায়নি তুরস্ক কর্তৃপক্ষ। তবে তুরস্কের ক্ষমতাসীন দলেন রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনায় ব্যবহৃত টু্টার অ্যাকাউন্টগুলোর সঙ্গে জরিমানার সম্পর্ক রয়েছে বলেই মন্তব্য করেছে বিবিসি।
সাম্প্রতিক এই জরিমানা বিষয়ে টুইটার কোনো মন্তব্য জানাতে রাজি হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।
এর আগেও তুরস্কে ঝামেলা পোহাতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক আইনজীবিকে আটকে রাখা হয়েছে এরকম এক ছবি যাতে দেশটির জনসাধারণ শেয়ার না করতে পারেন, সেজন্য চলতি বছরের এপ্রিলে আদালতের নির্দেশে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক ও টুইটার বন্ধ করে দেওয়া হয়েছিল।
এছাড়াও ২০১৪ সালের মার্চ মাসে রাজনৈতিক ইসুর জের ধরে তুরস্কে টুইটার বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোয়ান সে সময় দেশটি থেকে ‘টুইটার সম্পূর্ণ মুছে’ দেওয়ার প্রতিজ্ঞাও করেছিলেন।
