বিজয় দিবসে ‘হিরোজ অফ সেভেন্টিওয়ান’
বিজয় দিবস সামনে রেখে মুক্তিযুদ্ধ নিয়ে নতুন গেইম নির্মাণ করেছেন বাংলাদেশেরই একদল তরুণ গেইমার। ‘হিরোজ অফ সেভেন্টিওয়ান’ শিরোনামের এই গেইমটি ১৬ ডিসেম্বর গুগল প্লে স্টোরে মুক্তি দিতে চান ‘পোর্টব্লিস গেইমস দলের ওই সদস্যরা।
বাংলাদেশি গেইমারদের কথা মাথায় রেখেই মুক্তিযুদ্ধ নিয়ে একটি আলাদা গেইম নির্মাণের চিন্তা ছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন নির্মাতারা। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিরোধ এবং গেরিলা হামলার ঘটনাগুলোকে নিয়ে আসা হয়েছে থার্ড পারসন শুটিং ক্যাটেগরির গেইমটিতে।
গেইমটির ব্যাপারে বিস্তারিত তথ্য জানান ‘পোর্টব্লিস গেইমস’-এর কারিগরি উন্নয়ন বিভাগ প্রধান মাশা মুস্তাকিম। গেইমটি নিয়ে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের ঘটনাগুলো থেকে অনুপ্রাণীত হয়েই গেইমটি নির্মাণ করা। পাঁচজন কমান্ডোর একটি দল শনির চর নামের একটি পাকিস্তানি ক্যাম্প দখলের জন্য সেখানে হামলা চালায়। ক্যাম্প দখলের পর রক্ষা করা নিয়েই এগিয়েছে গেইমটির গল্প।”
একজন গেইমার একসঙ্গে তিনটি চরিত্র নিয়ে খেলতে পারবেন গেইমটিতে। তিনটি ভিন্ন অস্ত্র নিয়ে তাদের লড়তে হবে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে। শনির চরের ক্যাম্পটি বাঁচানোর জন্য কয়েক ধাপে পাকিস্তানি সেনাদের হারাতে পারলেই গেইমটি জেতা যাবে।
‘পোর্টব্লিস গেইমস’-এর এই গেইমটি নির্মাণে প্রোগ্রামিং এবং ডেভেলপিং-এর কাজে ছিলেন অপ্রতিম কুমার চৌধুরি, আরিফুর রহমান, রাকিবুল আলম সুলভ, রাকিবুল হাসান তুর, রিহাব উদ্দীন শাওনসহ আরও অনেক তরুন গেইম নির্মাতা এবং প্রোগ্রামার।
