বায়দু’র চালকবিহীন গাড়ি
সফলভাবে নিজেদের চালকবিহীন গাড়ির পরীক্ষা চালিয়েছে চীনের টেক জায়ান্ট বায়দু। বেইজিংয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ওই পরীক্ষা চালানো হয়।
পরীক্ষায় ৩০ কিলোমিটারের রুটে ‘কমপ্লেক্স রোড কন্ডিশন’-এ গাড়িটি পরীক্ষা করে বায়দু। ‘ড্রাইভারলেস কার’ প্রযুক্তি নিয়ে গবেষণার জন্য পুরো গাড়ি নিজেরা না বানিয়ে বিএমডব্লিউ ৩ সিরিজের একটি গাড়িতে প্রয়োজন মতো কারিগরি পরিবর্তন এনে ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। ইউ-টার্ন নেওয়া এবং লেন বদলের মতো কাজগুলো সহজেই করে ওই গাড়িটি। এ ধরনের গাড়ির জন্য বায়দু ৩ডি মানচিত্রের লাইব্রেরিও বানিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ভাইস-প্রেসিডেন্ট ও অটোনোমাস ড্রাইভিং বিজনেস ইউনিটের জেনারেল ম্যানেজার ওয়াং জিং এ প্রসঙ্গে বলেন, “বিভিন্ন ধরনের রাস্তার সম্পূর্ণ অটোনোমাস গাড়ি চালনা সারাবিশ্বেই চ্যালেঞ্জিং।” এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের ‘হাইলি অটোমেটেড ড্রাইভিং (এইচএডি)’ ৩ডি মানচিত্র যতটা সম্ভব নিখুঁত করা হয়েছে বলে জানান তিনি।
রাস্তার অন্য গাড়ি, লেন ও সামনে থাকা বস্তুও শনাক্ত করতে সক্ষম বায়দুর গাড়িটি।
চালকবিহীন গাড়ির বাজারে প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি চালকবিহীন ট্রাক নিয়ে পরীক্ষা চালিয়েছে জার্মান অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ডাইমলার। ২০১৬ সালে জাপানের দক্ষিণ টোকিওতে চালকবিহীন গাড়ি সেবা দেওয়ার পরিকল্পনা করেছে জাপানভিত্তিক প্রতিষ্ঠান রোবট ট্যাক্সি।
পরীক্ষায় এ পর্যন্ত নয়বার দূর্ষটনার শিকার হয়েছে গুগলের চালকবিহীন গাড়ির প্রোটোটাইপ। যদিও সবগুলো দূর্ঘটনাই মানুষের ভুলে হয়েছে, এতে অটোনোমাস প্রযুক্তির কোনো ত্রুটি ছিল না বলেই দাবি করে আসছে গুগল।
অন্যদিকে, চালকবিহীন গাড়ির যন্ত্রাংশ বানাতে নতুন বিভাগ চালু করার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান স্যামসাং। এ বিষয়ে যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরির গবেষক অ্যালান স্টিভেনস বলেন, “এটি তাদের একটি সচেতন পদক্ষেপ বলে মনে হচ্ছে, এর ফলে অটোমেশন খাতে সেন্সর, যোগাযোগ, ক্লাউড কম্পিউটিং-এ অনেক উন্নতি আসবে।”
