২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফোর্ড-এর ৪৫০ কোটি ডলারের বিনিয়োগ

জৈব জ্বালানীর উপর নির্ভরতা কমাতে অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে এখন আলাদা গুরুত্ব পাচ্ছে বৈদ্যুতিক গাড়ি। এই খাতে পিছিয়ে থাকতে রাজি নয় ফোর্ড-ও। সম্প্রতি বৈদ্যুতিক গাড়ি নির্মাণের নতুন প্রকল্পে ৪৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 08:21 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

২০২০ সালের মধ্যে ১৩টি বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের পরিকল্পনা করছে মার্কিন প্রতিষ্ঠানটি। ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মিশিগানে অবস্থিত প্রধান কার্যালয় থেকে এই ঘোষণা দিয়েছে ফোর্ড। এখন পর্যন্ত বৈদ্যুতিক গাড়ির খাতে এটিই প্রতিষ্ঠানটির সবথেকে বড় বিনিয়োগ বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ।  

২০২৫ সালের মধ্যে পরিবেশদূষণ কমানোর লক্ষ্যে জৈব জ্বালানী নির্ভরতা কমানোর চেষ্টা করছে অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলো। নতুন প্রকল্পের গাড়ির ব্যাটারি দ্রুত চার্জ করার প্রযুক্তির উপর জোর দেবে ফোর্ড। একবারের চার্জে ১০০ মাইল চলার বিদ্যুৎ শক্তি যোগাবে এমন ব্যাটারিগুলো যেন ৩০ মিনিটে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হয়, এমন প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ‘নর্থ আমেরিকান অটো শো’। এতে নতুন একটি ফিউশন এনার্জি প্লাগ-ইন হাইব্রিড গাড়ি দেখানোর কথা রয়েছে ফোর্ড-এর। আরেক মার্কিন অটোমোবাইল প্রতিষ্ঠান শেভরোলেটও তাদের তৈরি বৈদ্যুতিক গাড়ি ‘বোল্ট' উন্মোচন করবে জানুয়ারিতে।

বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রকল্পে ইতোমধ্যেই ১২০জন ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়েছে ফোর্ড। ফোর্ড-এর তৈরি বর্তমান মডেলগুলোর মধ্যে ৪০ শতাংশের বৈদ্যুতিক সংস্করণ বাজারজাত করা হবে বলে জানিয়েছে দ্য ভার্জ।