২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবরস্থানেও ওয়াই-ফাই!

ডিজিটাল যুগ এবার বুঝি পৌঁছে গেল কবরস্থান পর্যন্ত! ওয়াই-ফাই সংযোগ দেওয়া হচ্ছে রাশিয়ার তিনটি কবরস্থানে। দর্শনার্থীরাই যে এই আধুনিকতার সুযোগ সবচেয়ে বেশি নিতে পারবেন তা বলার বাহুল্য, তবে এই ওয়াই-ফাই সেবা পরলোকবাসী আত্মাদের কোনো কাজে আসবে কি না, সে খবর এখনও জানা যায়নি!

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 08:17 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

নোভাদেভিচি, ক্রোয়কুরোভস্কোয়ি, আর ভাগানকোভো--রাজধানী মস্কোর এই তিন কবরস্থানে যোগ হচ্ছে ওয়াই-ফাই সংযোগ। ২০১৬ সালের প্রথমার্ধ থেকে দর্শনার্থীরা কবরস্থানের ওয়াই-ফাই সংযোগ পাবেন বলে জানিয়েছে বিবিসি।

এই প্রসঙ্গে মস্কোর কবরস্থানগুলো দেখাশোনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান আর্টেম ইয়েকিমভ জানান, কবরস্থানগুলোতে সমাধিস্ত বিখ্যাত ব্যক্তিদের নাম ও তাদের সমাধি যাতে আগতরা সহজে খুঁজে পান, আর কবরস্থানে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা যেন আরও ‘আরামদায়ক’ হয় সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাশিয়ার টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ওয়াইএস সিস্টেম জানিয়েছে, কবরস্থানে দর্শনার্থীদের বিশ্রামের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ‘মানসিক প্রশান্তির জায়গা’ নামে স্থাপনা তৈরির পরিকল্পনা সম্পর্কে জানার পরই কবরস্থানে ওয়াই-ফাই সংযোগ ব্যবস্থা ইনস্টল করার প্রস্তাব দেয় তারা।

প্রতিষ্ঠানটির প্রধান ইয়েভগেনি আব্রামভ এ প্রসঙ্গে বলেন, “গ্রীষ্মে পরিচালিত এক জরিপে কবরস্থানে ইন্টারনেটে সংযোগের অভাব নিয়ে অভিযোগ করেন অংশগ্রহণকারীদের অনেকেই। বিদেহীদের প্রতি সর্বোচ্চ সংবেদনশীলতা আর সম্মান বজায় রেখে এই সমস্যার (ইন্টারনেট সংযোগের অনুপস্থিতি) সমাধানের চেষ্টা করতে গিয়ে উত্তরটা যেন নিজে থেকেই হাজির হয়েছিল।” 

তিনটি কবরস্থানের মধ্যে নোভাদেভিচি পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। এই কবরস্থানটিতে আছে লেখত আন্তন চেকভ, সাবেক সোভিয়েত নেতা নিকিতা ক্রুশচেভ, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলতসিনসহ দেশটির আরও অনেক বিখ্যাত ব্যক্তির সমাধি।