২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেহাই নেই লগ-আউট করেও

টুইটারের বিজ্ঞাপন বাণিজ্য থেকে বুঝি বাদ পড়বেন না লগ-ইন না করে টুইট পড়ছেন এমন ব্যবহারকারীরাও। এবার লগ-আউট করার পর টুইট পড়ছেন এমন ‘নন-অ্যাক্টিভ’ ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখানোর নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে ওই মাইক্রোব্লগিং সেবাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 05:35 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

প্রায় ৫০ কোটি ‘নন-অ্যাক্টিভ’ ব্যবহারকারীদের মধ্যে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে আয় বাড়ানোর আশা করছে টুইটার। আর টুইটার কর্তৃপক্ষ নতুন ফিচারের ঘোষণা দিতে না দিতেই বাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ৭.৮ শতাংশ। গত দুই মাসের মধ্যে এটাই মাইক্রোব্লগিং সেবাটির শেয়ারের দাম বাড়ার সর্বোচ্চ হার বলে জানিয়েছে রয়টার্স।

টুইটারের নতুন এই উদ্যোগকে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো স্বাগত জানাবে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি। গ্রাহকসংখ্যা কম বলে টুইটারে বিজ্ঞাপন দিতে আগ্রহ দেখাতেন না বিজ্ঞাপন দাতাদের অনেকেই। সোশাল মিডিয়ার বাজারে এক সময় ফেইসবুকের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করলেও টুইটার যে এখন পিছিয়ে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ফেইসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা যেখানে দেড়শ’ কোটির বেশি, সেখানে টুইটারের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা মোটে ৩২ কোটি। 

সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি টুইটার প্রধানের আসনে ফেরার পর পরীক্ষামূলক অনেক কাজই করছে টুইটার। নতুন ফিচারটির বদৌলতে টুইটার অ্যাকাউন্ট নেই কিন্তু সাইট থেকে টু্ইট পড়ছেন অথবা লগ-আউট করা অবস্থায় টুইট পড়ছেন এমন ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে মাথাপিছু আড়াই ডলার আয়ের আশা করছে প্রতিষ্ঠানটি। লগ-ইন করে টুইটার ব্যবহার করেন এমন ব্যবহারকারীদের ক্ষেত্রে টুইটারের আয় মাথাপিছু ৪ ডলার।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান এবং অস্ট্রেলিয়াতে পরিক্ষামূলকভাবে নতুন ফিচারটি চালু করেছে টুইটার। তবে শীঘ্রই বিশ্বের অন্যান্য দেশেও ওই ফিচার চালু করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।