২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬ বিশ্ববিদ্যালয়ে চলছে ‘আওয়ার অফ কোড’

প্রোগ্রামিং শিক্ষায় উৎসাহ যোগাতে কোডারসট্রাস্টের উদ্যোগে সোমবার থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে বাংলাদেশে শুরু হয়েছে ‘আওয়ার অফ কোড’। আয়োজনে যোগ দিয়েছে দেশের ৬টি বিশ্ববিদ্যালয়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 08:04 PM

Updated : 12 Oct 2022, 04:40 PM

আয়োজক কোডারসট্রাস্ট এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, নর্দার্ন ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ মোট ৬টি বিশ্ববিদ্যালয়ে চলছে প্রোগ্রামিং শেখার এ আয়োজন। এছাড়া বিডিজবস ও জাগো ফাউন্ডেশনেও চলছে ‘আওয়ার অফ কোড’।

এআইইউবি-তে ২৫০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছে আওয়ার অফ কোড-এ। শিক্ষার্থীদের উৎসাহের কারণে বিশ্ববিদ্যালয়টিতে টানা দুইদিন প্রোগ্রামিং শেখানোর আয়োজন করেছে বলে জানিয়েছে কোডারসট্রাস্ট। নর্দার্ন ইউনিভার্সিটিতে ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এই আয়োজনে। এছাড়া ইউআইইউতে বিভিন্ন বিভাগের ২০০ জনের মতো শিক্ষার্থী এক ঘণ্টা ধরে কোডিং করেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

কোডারসট্রাস্টের সহ-প্রতিষ্ঠাতা জন-কায়ো ফেবিগ এই আয়োজন নিয়ে বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। আমি মনে করি শুধু প্রোগ্রামার হওয়ার জন্য নয়, যে কোনো সমস্যা সমাধান করতে প্রোগ্রামিং দক্ষতা দরকারি। তাই শিক্ষার্থীদের শুরু থেকেই কম্পিউটার প্রোগ্রামিং চর্চা করা প্রয়োজন। শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের প্রতি আকৃষ্ট করতে আমাদের এ আয়োজন চলবে।”

‘আওয়ার অফ কোড’ চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ‘আওয়ার অফ কোড’ সবার জন্য উন্মুক্ত। এতে অংশ নিতে (www.coderstrust.com/hourofcode) ওয়েবসাইটে যেতে হবে। এখানে আওয়ার কোড অনুষ্ঠানের স্থান ও অনুষ্ঠান সম্পর্কে জানা যাবে।