ব্ল্যাকমেইল, নগ্ন ছবির পেছনে দূতাবাস কর্মী
নারীদের ইমেল অ্যাকাউন্ট হ্যাক করার পর ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে নগ্ন ছবি আর স্পর্শকাতর তথ্য সংগ্রহের অভিযোগ স্বীকার করেছেন এক মার্কিন সরকারি কর্মকর্তা। লন্ডনে মার্কিন দূতাবাসে কর্মরত ছিলেন মাইকেল ফোর্ড নামের ওই ব্যক্তি।
অনলাইনে উত্ত্যক্ত করা, কম্পিউটার হ্যাকিং আর প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে নয়টি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ফোর্ডের সাইবার দৌরাত্বের শিকার হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মডেলরা।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি একটি স্বনামধন্য ইমেইল প্রতিষ্ঠানের কারিগরি কর্মী সেজে হাজারও ব্যবহারকারীকে ‘ফিশিং’ মেসেজ পাঠিয়ে পাসওয়ার্ড চাইতেন। পাসওয়ার্ড দেওয়া না হলে ব্যবহারকারীর অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করে দেওয়া হত ওই মেসেজগুলোতে। এরপর পাসওয়ার্ড হাতে পেলেই ওই ব্যবহারকারীর ইমেইল আর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুকে তাদের নগ্ন ছবি, বাসস্থান ও কর্মক্ষেত্রের ঠিকানা ও অন্যান্য ব্যাক্তিগত স্পর্শকাতর তথ্যের খোঁজ করতেন। এরপর ওই তথ্য কাজে লাগিয়ে ভুক্তভোগী নারীর জামা বদলানো বা পুলে নগ্ন হওয়ার ভিডিও দাবি করতেন ফোর্ড।
কেউ তার ওই দাবি প্রত্যাখ্যান করলে, “চিন্তার কিছু নেই, এমন না যে আমি জানি আপনি কোথায় থাকেন।”-- এমন ফিরতি মেসেজ পাঠিয়ে হুমকি দিতেন তিনি। দাবি না মানলে ভুক্তভোগীর নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দিতেন এবং পরিবার ও বন্ধুদের কাছেও পাঠিয়ে দিতেন ফোর্ড।
জানুয়ারি ২০১৩ থেকে চলতি বছর মে মাস পর্যন্ত মার্কিন দূতাবাসে কর্মরত অবস্থায় তিনি ৪০০ অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করেন। যাদের মধ্যে ২০০ নারী ফোর্ডের প্রতারণার শিকার হয়েছেন।
মে মাসে লন্ডন যাওয়ার পথে তাকে আটলান্টা এয়ারপোর্ট থেকে আটক করা হয়েছে। অগাস্টে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, সেপ্টেম্বরে নিজেকে নির্দোষ দাবি করেন ফোর্ড।
২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি ফোর্ডের অভিযোগের বিষয়ে রায় দেবে আদালত।
