২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ভাগ হবে ইয়াহু

চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবার শেয়ার বিক্রি করে দেওয়ার পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছে ইয়াহু। জানুয়ারি মাসে আলিবাবার শেয়ারের মধ্যে ১৫ শতাংশ বিক্রি করার যে ঘোষণা এসেছিল, এবার সেই সিদ্ধান্তের উল্টো পথে হাঁটছে এক সময়ের ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 11:59 AM

Updated : 22 Aug 2022, 02:12 PM

বিবিসি জানিয়েছে, আলিবাবার শেয়ার বিক্রি না করে বরং ইয়াহু দুটি আলাদা পাবলিক লিমিটেড কোম্পানিতে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

যে অল্প কয়টি প্রতিষ্ঠানকে বিশ্বে ইন্টারনেট বিপ্লবের পাইয়োনিয়ার বলা হয় ইয়াহু তাদের অন্যতম।

২০০৫ সালে ১শ’ কোটি ডলারের বিনিময়ে আলিবাবার ৪০ শতাংশ শেয়ার কিনেছিল ইয়াহু। এখন সেই শেয়ারের বাজারমূল্য ৩ হাজার কোটি মার্কিন ডলার।

অন্যদিকে ইয়াহু সিইও মারিসা মায়ারের দাবি, মূল প্রতিষ্ঠানকে দুই ভাগে বিভক্ত করলে ইয়াহুর ইন্টারনেট ব্যবসার সঠিক মূল্যায়ন নিশ্চিত হবে। ইয়াহুর প্রাতিষ্ঠানিক কাঠামোর আমূল পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে ২০১৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত। জানুয়ারি মাসের শেষ দিকে চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে ইয়াহু।

গত কয়েক বছর ধরে প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ধুঁকছে ইয়াহু। নানা ভাবে চেষ্টার পরও ইয়াহুর ‘পতন’ ঠেকাতে পারছেন না প্রধান নির্বাহী মারিসা মায়ারসহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের কেউই। ভরা ডুবি ঠেকাতে শেষ পর্যন্ত আলিবাবার শেয়ার বিক্রির পরিকল্পনা করেছিলেন তারা। মাঝে বাঁধ সাধে মার্কিন কর কর্তৃপক্ষ। আলিবাবার শেয়ার বেচলে তার উপর কর আরোপ না করতে ইয়াহুর আবেদন মানেননি তারা। ফলে আলিবাবার শেয়ার বেচলে কয়েকশ’ কোটি মার্কিন ডলারের কর দিতে হত ইয়াহুর মালিকদের। তাই বাড়তি কর দেওয়া এড়াতে আলিবাবার শেয়ার বিক্রি করার পরিকল্পনা বাদ দিয়ে প্রতিষ্ঠানটিকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত তাদের।

বাজার বিশ্লেষকরা বলছেন, বুধবারের ঘোষণা অনুযায়ী প্রতিষ্ঠান দুই ভাগ করলে ইন্টারনেট ব্যবসা বিক্রি করা ইয়াহুর জন্য সহজ হবে। এর বাজারমূল্য হতে পারে ৩শ’ থেকে ৫শ’ কোটি ডলারের মধ্যে।