২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেইন সিগনালে চলবে গাড়ি!

টয়োটা, নিশান আর টেসলার মতো শীর্ষস্থানীয় অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানের ‘সেলফ-ড্রাইভিং’ গাড়ি যখন পরীক্ষামূলক পর্যায়ে তখন চালকের ‘ব্রেইন সিগনাল’ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে এমন গাড়ির প্রোটোটাইপ নির্মাণ করছেন চীনের নানকাই বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 11:21 PM

Updated : 22 Aug 2022, 02:11 PM

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, চালকের ব্রেইন সিগনাল বা মস্তিস্ক তরঙ্গের মাধ্যমে থামা, সামনে আগানো, পেছনে যাওয়ার মতো কমান্ড দেওয়া যাবে চীনের গবেষকদের তৈরি গাড়িটিকে।

নিজেদের প্রোটোটাইপের কার্যক্ষমতা ব্যাখ্যা করতে গিয়ে নানকাই বিশ্ববিদ্যালয়ের গবেষক ঝ্যাং ঝাও জানিয়েছেন, ১৬টি ইলেকট্রোএনসেফালোগ্রাম (ইইজি) সেন্সর ব্যবহার করা হয়েছে গাড়িটির চালকের হেডসেটে। গাড়িটির কম্পিউটার ইইজি সেন্সরের মাধ্যমে পাওয়া ব্রেইন সিগনাল বিশ্লেষণ করে তা অটোমোটিভ কমান্ডে অনুবাদ করে।

পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের গাড়ি চালানোর সুযোগ করে দেওয়ার চিন্তা থেকেই এই ‘ব্রেইন পাওয়ার্ড কার’ প্রকল্পের শুরু বলে জানিয়েছেন নানকাই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডুয়ান ফেং।

এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে চীনের বিজ্ঞানীদের এই অভিনব প্রযুক্তি। ব্রেইন সিগনাল দিয়ে গাড়ি সোজা লাইনে চালাতে সফলতার কথা জানিয়েছেন তারা। তবে এখনই এই প্রযুক্তি নির্ভর গাড়ির বাণিজ্যিক উৎপাদনের কোনো পরিকল্পনা করছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।

অন্যদিকে অটোমোবাইল শিল্পে চলছে ‘সেলফ-ড্রাইভিং কার’ বিপ্লব। দীর্ঘ দিনের গবেষণার পর আগামী ৫ বছরের মধ্যে ‘স্মার্ট গাড়ি’ বাজারজাতের আশা প্রকাশ করেছে গুগল। ২০২০ সালের মধ্যে একই ধরনের গাড়ি বাজারজাতের পরিকল্পনা করেছে শীর্ষস্থানীয় দুই অটোমোবাইল নির্মাতা টয়োটা আর নিশান।