২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন টাইমলাইন পরীক্ষা করছে টুইটার

নতুন টাইমলাইন ফরম্যাট পরীক্ষা করছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। তবে বিষয়টি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 06:17 PM

Updated : 22 Aug 2022, 02:12 PM

এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন টাইমলাইন ফরম্যাটে টুইটার ব্যবহারকারীদেরকে ‘টুইট’ ক্রমানুসারে না দেখিয়ে, প্রাসঙ্গিকতার ভিত্তিতে দেখানো হবে।

মঙ্গলবার নতুন টাইমলাইন ফরম্যাট পরীক্ষা সম্পর্কে নিশ্চিত করেছে টুইটার ইনকর্পোরেটেড। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র লিনা পটার ইমেইলে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, “হ্যা, বিষয়টি পরীক্ষামূলক। আমরা এখন থেকে টুইটারের জন্য ভাল হবে এমন কনটেন্ট পরীক্ষা করতে থাকব।”

মাইক্রোব্লগিং এ প্ল্যাটফর্মটিতে বর্তমানে আগের তুলনায় ব্যবহারকারীদের আনাগোনা অনেকটাই কমে গেছে বলেই জানিয়েছে রয়টার্স। বর্তমানে প্ল্যাটফর্মটিতে ৩২ কোটি অ্যাকাউন্ট রয়েছেন। টুইটারের নতুন এই টাইমলাইন পরীক্ষায় টু্ইটের মাধ্যমে অসোন্তষ প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী।

এ বিষয়ে ওয়েন পাইক নামের এক টুইটার ব্যবহারকারী টুইট বার্তায় বলেছেন, “কখন, কোথায় কী হচ্ছে তা দেখার জন্য আমি টুইটার ব্যবহার করি। ফেইসবুকের হুট করে পোস্ট দেখানোর বিষয়টি আমার সবচেয়ে অপছন্দ। দয়া করে এ কাজটি করবেন না।”

রয়টার্স জানিয়েছে, ২০১২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক নিজেদের টাইমলাইন ফরম্যাটে ঠিক একই রকম পরিবর্তন নিয়ে এসেছিল। অন্যদিকে নভেম্বরে টুইটার নিজেদের ‘ফেভারিট’ আইকনের ছবিও পরিবর্তন করেছে, আগের ছবির পরিবর্ত সেখানে এখন ফেইসবুকের ‘লাইক’ আইকন-এর মতো ছবি দেওয়া হয়েছে।