রেডিও তরঙ্গে চলবে সেন্সর
ব্যাটারি ছাড়াই শুধু রেডিও তরঙ্গের মাধ্যমে চলতে পারবে এমন ক্ষুদ্রাকৃতির সেন্সর তৈরি করেছেন ডাচ বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, এ ধরনের সেন্সরগুলো ইন্টারনেট অফ থিংস-এর নাসেন্ট প্রযুক্তির উন্নয়নে সহযোগিতা করবে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আইডোভান ইউনিভার্সিটি অফ টেকনলজি-এর বিজ্ঞানীদের একটি দল এ সেন্সরটি তৈরি করেছেন।
এটি তৈরির সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, ব্যাটারি ছাড়াই চলবে এমন সেন্সর তৈরি করা। এ প্রসঙ্গে দলটির নেতৃত্বাধীন বিজ্ঞানী অধ্যাপক পিটার বালটাস বলেছেন, “আমরা ঘরে এমন হাজারো সেন্সর চাই না যার জন্য প্রতিনিয়ত ব্যাটারি চার্জ দিতে হয়।” বালটাস ও তার দল যে সেন্সরটি তৈরি করেছেন তা তাপমাত্রা মাপতে পারবে। আলো, চলাফেরা ইত্যাদি পরিমাপ করতে পারবে একই রকম আরও সেন্সর তৈরি করাও সম্ভব বলেই জানিয়েছে বিবিসি।
আকৃতিতে সেন্সরটির আয়তন ২ স্কয়ার মিলিমিটার এবং এর ওজন ১.৬ মিলিগ্রাম। সেন্সরটির মধ্যে একটি অ্যান্টেনা রয়েছে যা ওয়্যারলেস রাউটার থেকে শক্তি সংগ্রহ করে তা সংরক্ষণ করে এবং একবার তাপমাত্রা পরিমাপ করা হয়ে গেলে পাল্টা রাউটারে একটি সিগনাল পাঠিয়ে দেয়।
বর্তমানে সেন্সরটি ২.৫ সেন্টিমিটার পর্যন্ত কাজ করতে সক্ষম, তবে বিজ্ঞানীদের বিশ্বাস এটি এক মিটার পর্যন্ত কাজ করতে পারবে। এ প্রসঙ্গে অধ্যাপক বালটাস বলেছেন, “তাত্ত্বিক দিক থেকে বিবেচনা করলে, এটি পাঁচ মিটারের চেয়েও বেশি দূরত্ব পর্যন্ত কাজ করতে পারবে।”
