২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ন্যাপচ্যাট বন্ধ!

মেসেজিং, ভিডিও আর ছবি শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাটে অ্যাকসেস নিয়ে সমস্যার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 06:13 PM

Updated : 22 Aug 2022, 02:12 PM

স্কাই নিউজ জানিয়েছে, বিষয়টি নিশ্চিত করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে স্ন্যাপচ্যাট সাপোর্টার অ্যাকাউন্টে একটি টুইট করা হয়েছে। টুইটে বলা হয়, “হাই, অনেক ব্যবহারকারীরা লোডিং সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা এ সম্পর্কে অবগত এবং এটি সমাধানের চেষ্টা করছি।”

শুধু যে লোডিং এ সমস্যা তাই নয়, অ্যাপটিতে সাইন ইন, মেসেজ আদান-প্রদানেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারীরা।

ওয়েবসাইট এবং অনলাইন সেবা পরীক্ষাকারী সেবা ডাউন ডিটেক্টরের পর্যবেক্ষণ মতে, ইউরোপের ব্যবহারকারীরাই এ বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ করেছেন। ব্যবহারকারীর অনেকেই এ নিয়ে টুইটারে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

ফেলিসিয়া নামের এক ব্যবহারকারী টুইটারে লিখেছেন, "#বিশ্বব্যাপী স্নাপচ্যাট বন্ধ.... এর মানে আমার সময় কাটানোর অ্যাপ বন্ধ, অ্যাসাইনমেন্ট শেষ করা ছাড়া আর কিছু করার নেই।"

অন্য একজন টুইট করেছেন, "আমার প্রতিবেশী এমনভাবে চিৎকার করছিল যেন তাকে কেউ খুন করছে, পরে জানলাম স্ন্যাপচ্যাট বন্ধ হওয়ায় তার এই আহাজারি।"

আরেকজন লিখেছেন, “স্ন্যাপচ্যাট বন্ধ, তারমানে কি সামাজিকতার জন্য আমাকে ঘরের বাইরে যেতে হবে?”

চলতি বছরের শুরুতে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা দশ কোটিতে পৌঁছায় বলে জানায় স্ন্যাপচ্যাট।