২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভ স্ট্রিমিং পরিকল্পনা বাদ দিল অ্যাপল

ইন্টারনেটভিত্তিক লাইভ টেলিভিশনের যে সেবা দেওয়ার পরিকল্পনা করেছিল অ্যাপল, তা বাতিল করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এর বদলে প্রতিষ্ঠানটি সেবাটিকে বিদ্যমান মিডিয়া প্রতিষ্ঠানগুলোর প্ল্যাটফর্মে পরিণত করতে চাইছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 06:10 PM

Updated : 22 Aug 2022, 02:12 PM

এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, সেবাটিকে মিডিয়া প্রতিষ্ঠানগুলোর প্ল্যাটফর্মে পরিণত করতে পারলে গ্রাহকদের কাছে নিজ অ্যাপ স্টোরের মাধ্যমেই সেবা পৌঁছে দিতে পারবে মার্কিন এই টেক জায়ান্ট।

নতুন পরিকল্পনায় অ্যাপল ৩০ থেকে ৪০ ডলার মাসিক চার্জের বিনিময়ে গ্রাহকদের কাছে ১৪টি চ্যানেলের একটি প্যাকেজ বিক্রি করবে। এ বিষয়ে সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিজ প্রতিবেদনে মন্তব্য করেছে, নিজে মিডিয়া প্রতিষ্ঠানে পরিণত হওয়ার বদলে মিডিয়া প্রতিষ্ঠানগুলোর পক্ষ হয়ে কাজ করে প্রোগ্রামিং-এর মাধ্যমে আরও বেশি অর্থ উপার্জন করতে চাইছে প্রতিষ্ঠানটি।

আগের পরিকল্পনা নিয়ে অ্যাপল সিবিএস এবং টোয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি ফক্স ইনকর্পোরেটেড-এর সঙ্গে আলোচনা করেছিল। অ্যাপল ওই প্রতিষ্ঠানগুলোর প্রোগ্রাম নিবন্ধন করার বিষয়ে চিন্তা করছিল। কিন্তু কনটেন্ট কম হওয়ায় পরিকল্পনাটিকেই বাদ দিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।      

এ বিষয়ে অ্যাপল মুখপাত্র কোনো মন্তব্য জানাতে রাজি হয়নি বলেই জানিয়েছে রয়টার্স।