ব্যাটারি কেস বাজারে এনেছে অ্যাপল
অনেকটা হঠাৎ করেই আইফোন৬-এস এর জন্য এক্সটার্নাল ব্যাটারি কেস বাজারে এনেছে অ্যাপল। নতুন ওই ব্যাটারি কেসটির নাম দেওয়া হয়েছে, ‘আইফোন ৬এস স্মার্ট ব্যাটারি কেস’। এটিই অ্যাপল তৈরি প্রথম কোনো ব্যাটারি কেস।
এক প্রতিবেদনে প্রযিুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, এক্সটার্নাল ওই ব্যাটারি কেসের মাধ্যমে আইফোন ৬এস বাড়তি ১৮ থেকে ২৫ ঘন্টা সচল রাখা সম্ভব হবে।
অ্যাপল নির্মিত কালো এবং সাদা রংয়ের এ ডিভাইসটির মূল্য ধরা হয়েছে ৯৯ ডলার। অন্যান্য কেসের মতো এই ডিভাইসের কেসেও প্রধান উপাদান হিসেবে সিলিকন ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি এবং অ্যাপলের লাইটনিং কেবল দিয়েই এই ব্যাটারি কেস চার্জ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ।
টেকক্রাঞ্চ আরও জানিয়েছে, লাইটনিং পোর্টের মাধ্যমেই আইফোনের সঙ্গে ব্যাটারিটিকে যুক্ত করা সম্ভব হবে। বাজারে আগে থেকেই আইফোনের ব্যাটারি কেস থাকলেও সেগুলো ব্যবহারে বেশ কিছু ঝামেলা পোহাতে হত, এর মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে ওই ব্যাটারি কেসগুলোকে ইউএসবি কেবলের মাধ্যমে আইফোনের সঙ্গে সংযুক্ত করতে হত।
অ্যাপল নির্মিত ওই ব্যাটারি কেস আইফোনের সঙ্গে সংযুক্ত করার পর, গ্রাহকরা লকস্ক্রিনে দুটি ব্যাটারি ইন্ডিকেটর দেখতে পাবেন। এর মধ্যে একটি আইফোনেরি ইন্টারনাল ব্যাটারিতে কী পরিমান চার্জ রয়েছে তা দেখাবে, আরেকটি এক্সটার্নাল ওই ব্যাটারি কেস-এর চার্জের পরিমাণ দেখাবে।
