জরিমানার মুখে তোশিবা
টানা ৭ বছর ধরে মুনাফার পরিমাণ বাড়িয়ে বলে শেষ পর্যন্ত ধরা পরেছিল জাপানিজ ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা তোশিবা। এবার সেই আর্থিক কেলেঙ্কোরির জন্য ছয় কোটি মার্কিন ডলার জরিমানা গুণতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। জাপানের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ সার্ভেইলেন্স কমিশন (এসইএসসি) তোশিবা-কে জরিমানা করার জন্য দেশটির ফিনান্সিয়াল সার্ভিস এজেন্সি-এর কাছে অনুরোধ জানিয়েছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তোশিবা-কে জরিমানা করা হলে এটি হবে জাপানে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে আর্থিক কেলেঙ্কারির জন্য করা সর্বোচ্চ জরিমানা। তবে দেশটির ফিনান্সিয়াল সার্ভিস এজেন্সি অনুমতি দেওয়ার আগ পর্যন্ত প্রতিষ্ঠানটিকে জরিমানা করা সম্ভব হচ্ছে না।
অন্যদিকে শুধু নিয়ন্ত্রকরা নয়, তোশিবার ৫০ জন বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। আর্থিক কেলেঙ্কারি ফাঁসের পর তোশিবার শেয়ার দাম কমায় ওই বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির কাছে এখন ২৪ লাখ ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করছেন।
চলতি বছরের জুলাইয়ে তোশিবা-এর প্রধান নির্বাহী, প্রেসিডেন্ট এবং শীর্ষ পর্যায়ের ছয়জন নির্বাহী প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন। অন্যদিকে, এপ্রিল মাসে আর্থিক কেলেঙ্কারির খবর ফাঁস হওয়ার পর থেকে তোশিবা-এর শেয়ারের দাম কমেছে ৪০ শতাংশ।
সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির কোনো মুনাফা হয়নি উল্টো লোকসানই হয়েছে এবং চলতি বছর প্রতিষ্ঠানটির বিক্রি গত আড়াই বছরের মধ্যে সবচেয়ে কম।
