২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে নতুন ‘সাইবার-নিরাপত্তা আইন’

সোমবার ইউরোপিয়ান ইউনিয়ন-এর আইন প্রণেতা এবং সদস্যরা প্রথম সাইবার-নিরাপত্তা আইন প্রণয়নের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। নতুন ওই আইন অনুযায়ী, গুরুতর সাইবার আক্রমণের শিকার হলে গুগল এবং অ্যামাজনের মতো ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোকে সে বিষয়ে প্রতিবেদন জমা দিতে হবে। আর এ কাজটি না করলে জরিমানা গুণতে হবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 05:29 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের সরকারগুলোর প্রতিনিধি এবং ইউরোপিয়ান পার্লামেন্ট পাঁচ ঘন্টা আলোচনার পর বিষয়টি নিয়ে চুক্তিবদ্ধ হন।

ইউরোপিয়ান কমিশনের ডিজিটাল প্রধান আন্দ্রুস আনসিপ জানিয়েছেন, নতুন এই আইনটি গ্রাহকদের মধ্যে ইন্টারনেট সেবার ব্যাপারে বিশ্বাস গড়ে তুলবে। আনসিপ বলেন, “ইন্টারনেটের কোনো সীমানা নেই -একটি দেশের সমস্যা ইউরোপের অন্য দেশগুলোতে প্রভাব ফেলতে পারে। এই চুক্তিটি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।”

নতুন আইনটি ‘নেটওয়ার্ক অ্যান্ড ইনফর্মেশন সিকিউরিটি ডাইরেক্টিভ’ নামে পরিচিত হবে বলে জানিয়েছে রয়টার্স। আইনটি পরিবহন, শক্তি, স্বাস্থ্য এবং আর্থিক ইত্যাদি জটিল বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা দেবে এবং জবাবদিহিতা করতে বাধ্য করবে। এই আইন অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি গুগল, অ্যামাজন, ইবে এবং সিসকো-এর মতো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর উপর বর্তালেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক-এর মতো প্রতিষ্ঠানগুলোর উপর কার্যকর হবে না বলে জানিয়েছে রয়টার্স।