গুগলের লাইফ সায়েন্সেস এখন ‘ভেরিলি’
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ ‘গুগল এক্স’ থেকে আলাদা হওয়ার পর এখন ‘ভেরিলি’ নামে আলাদা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে গুগলের ‘লাইফ সায়েন্সেস’ প্রকল্প। নাম বদলে মেডিকাল প্রযুক্তি খাতের ক্রমবর্ধমান বাজারে নিজেদের উপস্থিতি আরও শক্ত করতে চাইছে প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, অক্টোবর মাসে মূল প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পথ অনুসরণ করে পরিবর্তন এসেছে ‘লাইফ সায়েন্সেস’-এর ক্ষেত্রেও। ‘ভেরিলি’-এর নতুন ওয়েবসাইট অনুযায়ী প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হচ্ছে, “স্বাস্থ্য এবং রোগ সম্পর্কে নতুন তথ্য আবিষ্কারের জন্য প্রযুক্তি এবং লাইফ সায়েন্সকে একই গণ্ডিতে নিয়ে আসা।
ইতোমধ্যে একাধিক নতুন প্রকল্পের কাজ চলছে ভেরিলির অংশ হিসেবে। এর মধ্যে সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভারটিস-এর সঙ্গে জোট বেঁধে চলছে স্মার্ট কন্টাক্ট লেন্স নির্মাণ প্রকল্প। গ্লুকোজ সেন্সর থাকবে ওই কন্টাক্ট লেন্সে।
“আমরা আশা করছি, স্মার্ট কন্টাক্ট লেন্সের মাধ্যমে ডায়াবেটিস রোগীরা চোখের পানিতে গ্লুকোজের পরিমাণ হিসেব করে রক্তে গ্লুকোজের পরিমাণের উপর নজর রাখতে পারবেন।”-- নিজস্ব ওয়েবসাইটে স্মার্ট কন্টাক্ট লেন্সের কার্য্যক্ষমতা এভাবেই ব্যাখ্যা করেছে ভেরিলি।
এর মধ্যেই কয়েক বছরের লম্বা প্রকল্প নিয়ে মাঠে নেমেছেন প্রতিষ্ঠানটির গবেষকরা। “বেইজলাইন স্টাডি’ নামের ওই প্রকল্পে একজন সুস্থ্য মানুষের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট এবং রোগাক্রান্ত হলে সেই বৈশিষ্টে কী কী পরিবর্তন আসে সেই বিষয়ে গবেষণা করবেন তারা।
