২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্ড্রয়েড ক্রোম-এ এল সেইফ ব্রাউজিং

অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্রোম ব্রাউজারে এখন থেকে ‘বাই ডিফল্ট’ ফিচার হিসেবে চালু থাকবে গুগলের ‘সেইফ ব্রাউজিং’ প্রযুক্তি। মোবাইল ডিভাইস ব্যবহারকারীদের ‘ফিশিং (phishing)’ ওয়েবসাইট এবং ম্যালওয়্যার আছে এমন ওয়েব পেইজগুলো থেকে রক্ষা করতে এই পদক্ষেপ নিয়েছে গুগল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 04:27 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, এতদিন শুধু ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য চালু ছিল ‘সেইফ ব্রাউজিং’ ফিচারটি। অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা ওই ফিচারটির সুবিধা নিতে পারতেন গুগলের ডেটা কমপ্রেশন সেবা চালু করার মাধ্যমে। এমন ব্যবহারকারীরা সেইফ ব্রাউজিং সেবা পাচ্ছেন প্রায় দুই বছর হল।

প্রশ্ন উঠেছে, অন্যান্য মোবাইল ডিভাইস ব্যবহারকারীদের জন্য ‘বাই ডিফল্ট’ ফিচার হিসেবে এই সেবা চালু করতে এত লম্বা সময় কেন নিল গুগল? এক্ষেত্রে গুগলের ব্যাখ্যা— ডেস্কটপের তুলনায় মোবাইল ডিভাইসের জন্য ঝুঁকিপূর্ণ সাইটের হিসাব রাখা বেশি কঠিন কাজ। ডেটা কমপ্রেশন সেবার মাধ্যমে সব আনক্রিপ্টেড ডেটা গুগলের নিজস্ব সার্ভার ঘুরে যায়, সার্ভারে গুগল নিজস্ব ব্ল্যাকলিস্টের সঙ্গে ইউআরএলগুলো মিলিয়ে দেখতে পারে। কিন্তু মোবাইল ডিভাইসের ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি এত সহজ নয়।

“আমাদের মূল মন্ত্রই হল, সেইফ ব্রাউজিংয়ের মাধ্যমে মোবাইল ডিভাইস থেকে আসা প্রতি বিট ডেটার নিরাপত্তা বাড়াতে হবে। নেটওয়ার্ক ব্যান্ডওয়াইডথ আর ব্যাটারি লাইফ হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য সবচেয়ে দুর্লভ সম্পদ। তাই আমাদের খুব সাবধানে ভাবতে হয়েছে যে, মোবাইল ডিভাইস ব্যবহারকারীদের কীভাবে উপকৃত করা যায়।”--এভাবেই নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন গুগলের সেইফ ব্রাউজিং টিমের সদস্য নোয়ি লাটজ, নাথান পার্কার এবং স্টিফেন সোমোগই।

অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্রোম ব্রাউজারে বাই ডিফল্ট সেইফ ব্রাউজিং সেবা চালু করার সময় নেটওয়ার্ক ট্রাফিক, ডিভাইসের মেমোরি খরচ এবং প্রসেসরের ব্যবহার যতটা সম্ভব কম রাখার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে গুগল।