২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার আপডেট

এখনও যদি ইন্টারনেট এক্সপ্লোরার আপডেট না করা হয়ে থাকে, তাহলে এখনই সময় আপডেট করার। নাহলে বিপাকে পরে যেতে পারেন উইন্ডোজ ব্যবহারকারীরা। আর মাত্র পাঁচ সপ্তাহ পর থেকে, ইন্টারনেট এক্সপ্লোরারের আপডেট বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট, ফলে নিরাপত্তা ত্রুটি থেকেই যাবে ব্রাউজারটিতে। 

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 07:16 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট জেডিনেট জানিয়েছে— এ সপ্তাহের শুরুতে মাইক্রাসফট এক সতর্কবার্তায় উল্লেখ করেছে, জানুয়ারি ১২ থেকে বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার আপডেটের সুযোগ।

হতে পারে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন না অনেক ব্যবহারকারী, কিন্তু ব্যবহার না করলেও ব্রাউজারটি আপডেট না করলে ‘ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি’র মুখে থাকবেন লাখো উইন্ডোজ ব্যবহারকারী। কারণ হ্যাকাররা ব্রাউজারটিকে টার্গেট করে নানাবিধ ম্যালওয়্যার ছড়িয়ে থাকে বলেই জানিয়েছে জেডিনেট।

ইউএস ডিজিটাল অ্যানালেটিকস প্রোগ্রাম-এর হিসেব অনুযায়ী, বর্তমানে প্রায় ১২ কোটি ৪০ লাখ ব্যবহারকারী ইন্টারনেট এক্সপ্লোরার ১০ এবং এর পূর্ববর্তী সংস্করণ ব্যবহার করেন। তবে উইন্ডোজ ৭ -এর কারণে অধিকাংশ ব্যবহারকারী সবচেয়ে বেশি ব্যবহার করেন ইন্টারনেট এক্সপ্লোরার ৯।

জেডিনেট জানিয়েছে, ২০১৪ সালের মধ্যবর্তী সময়ে মাইক্রোসফট জানিয়েছিল, ইন্টারনেট এক্সপ্লোরার ১১-ই হবে ব্রাউজারটির শেষ সংস্করণ। প্রথম ১৯৯৫ সালে ব্রাউজারটি লঞ্চ করেছিল মাইক্রোসফট। এরপর থেকে নিরাপত্তা ত্রুটির কারণে বলতে গেলে প্রায় সবসময়ই সমালোচিত হয়েছে ব্রাউজারটি। এমনকি উইন্ডোজ ব্যবহারকারীরাও ব্রাউজারটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। পরে উইন্ডোজ ১০-এর সঙ্গে নতুন ব্রাউজার মাইক্রোসফট এজ নিয়ে আসে প্রতিষ্ঠানটি। এজ ব্রাউজারটিকে নিরাপদ বলেই দাবি করেছে মাইক্রোসফট। কারণ হিসেবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছিল, এটি অ্যাডওয়্যার এবং টুলবার হাইজ্যাকিং ঠেকাতে সক্ষম।