২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবান দিয়ে ধোয়া যাবে ফোন!

নিজের সাধের স্মার্টফোনটিকে সুন্দর ও চকচকে রাখার জন্য চেষ্টার ত্রুটি রাখেন না অনেকেই। তারপরেও ময়লা ও দাগ থেকে ফোনকে রক্ষা করা সম্ভব হয় না। এ ছাড়াও মোবাইল ফোনে লেগে থাকে নানা ধরনের জীবাণু, যার হাত থেকে মুক্তির কোন উপায় নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 06:07 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

ময়লা ও জীবাণুর হাত থেকে স্মার্টফোনকে বাঁচাতে এবার এগিয়ে এসেছে জাপানিজ টেলিকম প্রতিষ্ঠান কেডিডিআই। কেডিডিআই-এর নতুন স্মার্টফোন ‘ডিগনো রাফরা’ চাইলেই সাবান পানি দিয়ে ধুয়ে ফেলা যাবে —দাবি করেছে প্রতিষ্ঠানটি।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, কেডিডিআই-ই হচ্ছে প্রথম প্রতিষ্ঠান যারা এমন ফোন তৈরি করেছে যা সাবান পানি দিয়ে ধোয়া সম্ভব হবে।

শুক্রবার প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, এটি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে তা পরীক্ষা করার জন্য ৭০০ বার ফোনটিকে ধুয়ে পরীক্ষা করে দেখা হয়েছে। এ বিষয়ক এক বিজ্ঞাপনে দেখানো হয়েছে, একটি বাচ্চা ফোনের উপর টমেটো সসসহ খাবার ফেলে দিলেও মা ফোনটিকে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলে বাচ্চাকে আশ্বস্ত করছেন।

বর্তমানে বাজারে পানি নিরোধক অনেক ফোনই দেখা যায়। কিন্তু সাবান দিয়ে ধোয়া সম্ভব এমন ফোন সম্ভবত এটিই প্রথম। তবে আপাতত শুধু বিশেষ ধরনের সাবান দিয়েই ফোনটি পরিষ্কার করা যাবে। আর ওই সাবানটি এখন শুধু জাপানেই পাওয়া যাচ্ছে।

সাবান পানি দিয়ে ধোয়া সম্ভব এমন প্রথম ফোন হলেও এর মূল্য সাধারণ ক্রেতার সাধ্যের মধ্যেই রাখা হয়েছে। ডিগনো রাফরা বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ছয়শ’ জাপানিজ ইয়েন বা ১৭৫ মার্কিন ডলার।