ফাইনাল ফ্যান্টাসি ৭ রিমেক
ফাইনাল ফ্যান্টাসি গেইমপ্রেমীদের জন্য গেইমটির নতুন সংস্করণ ফাইনাল ফ্যান্টাসি ৭ আনতে যাচ্ছে জাপানিজ ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠান স্কয়ার ইনিক্স। চলতি বছর জুনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত ‘ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো’-তে ফাইনাল ফ্যান্টাসি ৭ এর ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। এবার গেইমটির প্রথম ট্রেইলার প্রকাশ করেছে স্কয়ার ইনিক্স। খুব শীঘ্রই গেইমটি বাজারে ছাড়তে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
ট্রেইলার দেখে গেইমটিকে তার আগের গেইমেরই রিমেক বলা হচ্ছে। তবে অত্যন্ত উন্নত গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এই গেইমে। আগের মতো আর ফিক্সড ক্যামেরা অ্যাঙ্গেল থাকছে না এই গেইমে। ক্লাসিক এই গেইমটি এখন সম্পূর্ণরূপে থার্ড পারসন অ্যাকশন গেইম। সম্পূর্ণ নতুন ফাইটিং প্রযুক্তির সাথে রিয়েল টাইম কমব্যাট থাকছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চ।
ফাইনাল ফ্যান্টাসি ৭ সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রযোজক ইয়োশোনারি কিতাসে জানিয়েছেন, গেইমটি বাচ্চাদের মুভি ফাইনাল ফ্যান্টাসি অ্যাডভেন্ট এর মত করেই বানানো হয়েছে। এখন গেইমটিতে পছন্দমত অস্ত্রও বেছে নেওয়ার অপশন থাকছে। তবে গেইমটির নতুন এই অপশনগুলো এর মূল গল্পতে কোন প্রভাব ফেলবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
স্কয়ার ইনিক্স-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০১৭ সালে গেইমটি বাজারে ছাড়ার পরিকল্পপনা রয়েছে প্রতিষ্ঠানটির। তবে আপাতত শুধু প্লেস্টেশন ৪ এর জন্যই গেইমটি বাজারে ছাড়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক্সবক্স ওয়ান এবং পিসিতে গেইমটি পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলেই জানিয়েছে টেকক্রাঞ্চ।
