গুগল মোবাইল সার্চে নতুন আপগ্রেড
মোবাইল গ্রাহকদের জন্য সার্চ ফলাফলে নতুন আপগ্রেড নিয়ে এসেছে ওয়েব জায়ান্ট গুগল। নতুন আপগ্রেডের সুবাদে মোবাইল গ্রাহকরা এখন গান, চলচ্চিত্র, টিভি সিরিজ বা তারকাদের বিষয়ে সার্চ করলে, সার্চ ফলাফলের পাশাপাশি ওই বিষয়বস্তু সংশিষ্ট বিভিন্ন তথ্য পাবেন।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, এ আপগ্রেডটিকে একদম নতুন বললে ভুল হবে, গুগল এর আগেও বিভিন্নভাবে এ ধরনের সেবা দেওয়ার চেষ্টা করত। পূর্ব সেবার ওই চেষ্টাটিকেই শুধু নতুন একটি কাঠামো দেওয়া হয়েছে।
নতুন আপগ্রেডের ফলে এখন মোবাইল গ্রাহকরা যখনই কোনো গান, চলচ্চিত্র, টিভি সিরিজ বা তারকার বিষয়ে সার্চ করবেন, তখন তাকে সার্চ ফলাফলের সঙ্গে সার্চ করা গানের ‘কথা’ কোথায় পাওয়া যেতে পারে এবং ওই ধরনের আর কী কী গান রয়েছে বা চলচ্চিত্র, টিভি সিরিজ সার্চ করলে অনুরূপ আর কী কনটেন্ট রয়েছে ইত্যাদি তথ্য দেওয়া হবে। একইভাবে তারকাবিষয়ক সার্চের ক্ষেত্রেও সেবা দেওয়া হবে বলেই জানিয়েছে টেকক্রাঞ্চ। গ্রাহকরা চাইলে শুধু একটি ক্লিকের মাধ্যমেই নতুন এই সেবার সুবিধা নিতে পারবেন।
টেকক্রাঞ্চ আরও জানিয়েছে, গ্রাহক এ সেবাটির জন্য ক্লিক করলেই নতুন একটি ট্যাব ‘ওপেন’ হবে এবং সেখানে তাকে সার্চের বিষয়বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় তথ্য দেখানো হবে। এমনকি ওই ট্যাবটিতে গুগল গ্রাহককে জানিয়ে দেবে, কোনো গান শোনা, চলচ্চিত্র বা টিভি সিরিজ দেখার আগে, অন্য কোন গানটি শুনলে বা চলচ্চিত্র ও টিভি সিরিজটি দেখে নিলে সুবিধা হতে পারে। তারকাদের ক্ষেত্রে বিভিন্ন সূত্র থেকে তথ্য দিয়ে গ্রাহককে সহযোগিতা করা হবে।
গুগলের এই সার্চবিষয়ক নতুন আপগ্রেডের সঙ্গে আমাজন মালিকানাধীন সাইট আইএমডিবি-এর (ইন্টারনেট মুভি ডেটাবেইস) সেবার মিল রয়েছে বলেই মন্তব্য করেছে টেকক্রাঞ্চ।
বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট গ্রাহকরা এই সার্চ আপগ্রেডটির সুবিধা পাবেন, তবে শীঘ্রই আইওএস ডিভাইস গ্রাহকদের জন্যও সেবাটি নিয়ে আসা হবে বলে জানিয়েছে গুগল।
