বাড়তি সুবিধায় অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচ
প্রতিদিনের পরিকল্পনা করার জন্য স্মার্টফোন এবং স্মার্টওয়াচের ব্যবহার করছেন অনেকেই। অ্যান্ড্রয়েডচালিত স্মার্টওয়াচে দিনের পরিকল্পনা আরও সহজে করার জন্য নতুন সফটওয়্যার আপডেট আনছে গুগল।
প্রযুক্তিবিষয়ক সাইট টেক রেডার এক প্রতিবেদনে জানায়, নতুন আপডেটে সহজে ব্যবহারযোগ্য এবং আরও বেশি কার্যকরভাবে দৈনিক পরিকল্পনা করার বিষয়ে মনোযোগ দেওয়া হয়েছে। এতে স্মার্টওয়াচের ব্যবহার আরও বাড়বে বলেই ধারণা করছে গুগল।
নতুন এই আপডেটে খুব সহজে এবং পরিপাটিভাবে স্মার্টওয়াচ ব্যবহার করা যাবে। দিক নির্দেশনা, আবহাওয়া বার্তা, খেলার স্কোর এখন নোটিফিকেশন অ্যালার্টের মাধ্যমেই পাওয়া যাবে। এই নোটিফিকেশনগুলো খুব সহজে মুছেও ফেলা যাবে। এছাড়াও কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব দ্রুত অন্যান্য অপশন ও রিমাইন্ডার ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েডচালিত সকল স্মার্টওয়াচেই নতুন এই আপডেট ব্যবহার করা সম্ভব হবে বলে জানিয়েছে গুগল। তবে সব স্মার্টওয়াচে এই আপডেট পেতে কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। মোটো ৩৬০-এ এখন পর্যন্ত এই আপডেট পাওয়া যায়নি বলে জানিয়েছে সাইটটি।
