২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদ্যুতিক স্পোর্টস কার আনছে পোরশ

এই দশকের শেষের দিকে সম্পূর্ণ বৈদ্যুতিক স্পোর্টস কার আনার পরিকল্পনা করছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোরশ। চার দরজার এই গাড়িটি একবার চার্জ দেওয়া হলে ৩১০ মাইল যেতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 06:45 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই গাড়িটি আদতে ‘ফ্র্যাংকফুর্ট মোটর শো’তে  ‘কনসেপ্ট কার’ হিসেবে উন্মোচন করা হয়েছে। কিন্তু এবার গাড়িটি উৎপাদনের অনুমোদন দিল পোরশ-এর প্যারেন্ট প্রতিষ্ঠান ফোকসভাগেন (‘ভক্সওয়াগন’ নামে বাংলাদেশে বেশি পরিচিত) গ্রুপ।

উন্মোচনের সময় পোরশ-এর একজন মুখপাত্র বলেছিলেন, “অদূর ভবিষ্যতেই গাড়িটি উৎপাদন করা সম্ভব হবে।”

বৈদ্যুতিক যান আনার ক্ষেত্রে এই গাড়ি উৎপাদন ফোকসভাগেনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে সংবাদমাধ্যমটি। ২০২০ সালের মধ্যে প্রতিষ্ঠানটি এমন ২০টি গাড়ি আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

মিশন ই নামের এই গাড়ি সাড়ে তিন সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ঘন্টায় ৬০ মাইল বেগে চলতে পারবে বলে জানিয়েছে পোরশ। যদিও ইতোমধ্যে টেসলার মডেল এস তিন সেকেন্ডেই এই বেগ উঠানোর কার্যক্ষমতা দেখিয়েছে।

গাড়িটি অনেক দ্রুত চার্জ করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ১৫ মিনিটেই এর ৮০ শতাংশ চার্জ দেওয়া সম্ভব হবে, যা দিয়ে গাড়িটি ২৫০ মাইল চালানো সম্ভব।

ব্যাটারি নিয়ে আরও উন্নয়ন প্রয়োজন বলে জানিয়েছে পোরশ কর্মকর্তারা। মিশন এ- এর দাম কতো রাখা হবে তা নিয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।