২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তোশিবার ‘ইমেজ সেন্সর’ কিনছে সনি

সাড়ে ১৫ কোটি ডলার মূ্ল্যে তোশিবার ইমেজ সেন্সর ব্যবসা কেনার ঘোষণা দিয়েছে জাপানের ইলেকট্রনিক জায়ান্ট সনি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 06:09 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ভার্জ জানিয়েছে, এ বিষয়ে চলতি বছর অক্টোবরে গুজব রটেছিল, এবার মূল্যও নিশ্চিত করল সনি। ২০১৬ সালের ৩১ মার্চের মধ্যে তোশিবার ফ্যাব্রিকেশন প্লান্ট, যন্ত্রপাতি, কর্মী হস্তান্তর করা হবে। সনির অঙ্গপ্রতিষ্ঠান সনি সেমিকন্ডাকটার কর্পোরেশনের অধীনে চালানো হবে এই নতুন কেনা ব্যবসা।

শুধু হাই-এন্ড ক্যামেরার সেন্সর বাজারেই নয়, সেই সঙ্গে ক্রমবর্ধমান স্মার্টফোন বাজারে ক্যামেরার জন্য উপাদান সরবরাহেও ভালো লাভ অর্জন করেছে সনি।

অ্যাপল, গুগল, শিয়াওমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্মার্টফোনের ক্যামেরার জন্য সনির সেন্সর ব্যবহার করে।

২০১৪ সালে ৪০.২ শতাংশ শেয়ার নিয়ে স্মার্টফোন ক্যামেরার জন্য সিএমওএস ইমেজ সেন্সর আর ডিএসএলআর বাজারে শীর্ষস্থান দখল করে সনি। তোশিবার এই ইমেজ সেন্সর বিভাগ কিনলে, স্যামসাংয়ের মতো প্রতিদ্বন্দীদের সামনে শক্ত অবস্থান নিতে পারবে প্রতিষ্ঠানটি।

চলতি বছর জুনে হিসাব কেলেঙ্কারি মাথায় নিয়ে পদত্যাগ করেন তৎকালীন তোশিবা প্রধান হিসাও তানাকা। আর সম্প্রতি এই ঘটনায় প্রতিষ্ঠানটি বিশাল অংকের জরিমানার মুখে পড়তে পারে বলে খবর বেরিয়েছে। এবার প্রতিষ্ঠানটির ইমেজ সেন্সর বিভাগ কেনার ঘোষণা দিল সনি। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির পুরো চিত্র অনেকটা ঘোলাটে বলেই মনে করছে ভার্জ।