২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশাল জরিমানার মুখে তোশিবা

হিসাবে জালিয়াতি করার অভিযোগে জাপানি ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান তোশিবা কর্পোরেশনকে ৭৩৭ কোটি ইয়েন বা প্রায় ছয় কোটি ডলার জরিমানা করার পরামর্শ দেবে দেশটির নিরাপত্তা পর্যবেক্ষকরা, শনিবার এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যাক্তির বরাত দিয়ে এমন খবর জানায় রয়টার্স।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 05:46 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

ওই সূত্র জানায়, দেশটির সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ সারভেলিয়েন্স কমিশন এই পরামর্শ দেবে। আর ফিনান্সিয়াল সার্ভিসেস এজেন্সির সূত্রমতে, হিসাব জালিয়াতির অভিযোগে এটিই হবে রেকর্ড পরিমাণ জরিমানা।

বসতবাড়ির ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে পারমাণবিক খাতেও বিস্তৃত তোশিবার ব্যবসা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রায় সাত বছর যাবত তারা তাদের লাভ ১২৬ কোটি ডলার বেশি দেখিয়েছে।

চলতি বছর ২১ জুলাই হিসাব কেলেঙ্কারির ঘটনাকে ‘প্রতিষ্ঠানটির ১৪০ বছরের ইতিহাসে সবচেয়ে ক্ষতিকারক ঘটনা’ হিসেবে আখ্যা দিয়ে পদত্যাগ করেন তৎকালীন প্রধান হিসাও তানাকা।

সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির বিক্রির পরিমাণ আড়াই বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে যায়। সেই প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট লোকসান ১০ কোটি ২০ লাখ বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

সেপ্টেবরের প্রতিবেদন অনুযায়ী শেষ এক বছরে প্রতিষ্ঠানটির মোট লোকসানের পরিমাণ ছিল ৩১ কোটি ৮০ লাখ ডলার।