উগান্ডায় গুগলের ওয়াই-ফাই
সহজেই দ্রুতগতি ইন্টারনেট সেবার পরিসর বৃদ্ধির অংশ হিসেবে উগান্ডার রাজধানী কামপালায় প্রথম ওয়াই-ফাই নেটওয়ার্ক চালু করেছে ওয়েব জায়ান্ট গুগল।
স্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য তারবিহীন ব্রডব্যান্ড নেটওয়ার্ক সহজলভ্য করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এর মাধ্যমে গ্রাহকদের ইন্টারনেট সেবা দিয়ে অর্থ আয় করতে পারবে বলে জানিয়েছে বিবিসি।
বর্তমানে কামপালার ১২০টি গুরুত্বপূর্ণ এলাকায় এই ওয়াই-ফাই সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়ছে গুগল।
পরিসংখ্যান মতে, বর্তমানে উগান্ডায় ৮৫ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, যা দেশটির মোট জনসংখ্যার ২৩ শতাংশ।
শহরটিতে ইন্টারনেটে সেবা দেওয়ার সক্ষমতা বাড়ানোর ফলে, স্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের আরও সস্তায় আগের চেয়ে দ্রুত ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিতে পারবে বলে আশা করছে গুগল।
প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, দেশটিতে এখন একদিন আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের খরচ ১ হাজার উগান্ডান শিলিং হওয়া উচিত (১ শিলিং, ০.৩০ মার্কিন ডলারের সমান)। যদিও, গ্রাহকদের কাছ থেকে এর মূল্য কত নেওয়া হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ভার স্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে থাকবে।
উগান্ডার গ্রামাঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ সীমিত। এ কারণে এই সেবা আনার ক্ষেত্রে গ্রামাঞ্চলের দিকে দৃষ্টি দেওয়া উচিত ছিল বলে মনে করছেন সমালোচকরা।
আফ্রিকার ওয়েব কাঠামো উন্নত করতে তারবিহীন নেটওয়ার্কে এই প্রকল্প হাতে নেয় গুগল। ইতোমধ্যে উগান্ডায় ফাইবার অপটিক নেটওয়ার্ক প্রতিষ্ঠা করতে ৮০০ কিলোমিটার কেবল স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।
এবার ঘানার কিছু শহরে এই প্রকল্প পৌছে দেওয়ার পরিকল্পনা করেছে গুগল।
