২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার বাড়াল ‘লিফট’

সম্প্রতি বৈশ্বিক অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে নিজেদের বাজার বাড়ালো যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন পরিবহন সেবাদাতা স্টার্টআপ লিফট। অপর অনলাইন পরিবহন সেবাদাতা উবার-এর সঙ্গে বাজারে টেক্কা দিতেই লিফট নিজস্ব গণ্ডি আরও বড় করেছে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 11:20 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভারতের ওলা এবং দক্ষিণপূর্ব এশিয়ার গ্র্যাবট্যাক্সি-এর সঙ্গে অংশীদারি চুক্তি করেছে লিফট।

চুক্তিটির ফলে আগামী বছর থেকেই লিফটের গ্রাহকরা চুক্তি করা প্রতিষ্ঠানগুলোর প্রাইভেট গাড়ি এবং ট্যাক্সি বুক করতে পারবেন। চুক্তি অনুযায়ী, ওলা এবং গ্র্যাবট্যাক্সি-এর গ্রাহকরাও লিফট-এর কাছ থেকে একই সুবিধা পাবেন। সাম্প্রতিক চুক্তিটি করার কিছুদিন আগেই সেপ্টেম্বরে চীনের বৃহত্তম অনলাইন পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান দিদি কোয়াইদি-এর সঙ্গেও একই ধরনের চুক্তি করেছে লিফট।

লিফট জানিয়েছে, আগামীতে তারা এবং চুক্তিতে আসা তিন পরিবহন সেবাদাতা ওলা, গ্র্যাবট্যাক্সি ও দিদি কোয়াইদি একসঙ্গে দক্ষিণপূর্ব এশিয়া, ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের প্রায় সব অংশ এবং বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ জনসংখ্যাকে সেবা দিতে পারবে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রেই পরিবহণ সেবা দিচ্ছে লিফট।

বৃহস্পতিবার লিফট এক ব্লগ পোস্টে লিখেছে, “দিদি, গ্র্যাবট্যাক্সি এবং ওলার মতো আঞ্চলিক প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলভিত্তিক চুক্তিতে আসার ফলে আমরা ভাষা এবং বিদেশ ভ্রমণের সঙ্গে সংশ্লিষ্ট আরও অনেক বাধা অতিক্রম করতে পেরেছি।”

লিফট, ওলা, গ্র্যাবট্যাক্সি ও দিদি কোয়াইদি উবার-এর মতো একই প্রক্রিয়ায় অ্যাপের সাহায্যে সেবা দিয়ে থাকে। চুক্তি অনুযায়ী, পরিবহন সেবার পাশাপাশি নিজেদের নতুন প্রযুক্তিগত তথ্য, আঞ্চলিক বাজার সম্পর্কিত তথ্য ও নিজ বাজারে প্রচলিত নীতিমালাও একে অপরের সঙ্গে শেয়ার করবে প্রতিষ্ঠানগুলো।

অন্যদিকে উবার এখন ২১০ কোটি ডলার তহবিল সংগ্রহের চেষ্টা করছে। বিশ্লেষকরা ধারণা করছেন, বর্তমানে ৬৭টি দেশে সেবাদানকারী উবার নিজেদের বৈশ্বিক বাজার আরও সম্প্রসারণের জন্যই ওই অর্থ জোগাড়ের চেষ্টা চালাচ্ছে।