২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দান নাকি জাকারবার্গের কর ফাঁকি!

সম্প্রতি নিজের কন্যা সন্তানের জন্ম উদযাপনে ফেইসবুকে থাকা নিজ মালিকানার ৯৯ শতাংশ দান করে দেন প্রতিষ্ঠান প্রধান মার্ক জাকারবার্গ। নতুন প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ার  ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ নামে নতুন এক দাতব্য উদ্যোগে এ দান করেন তিনি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 10:57 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

নতুন গঠন করা দাতব্য প্রতিষ্ঠানে জাকারবার্গের দান করা অর্থের পরিমান প্রায় সাড়ে চার হাজার কোটি ডলার।

সাধারণভাবে একটি তহবিল গঠন না করে, একটি লিমিটেড লায়াবিলিটি কোম্পানি (এলএলসি) গঠন করেছেন জাকারবার্গ। আর এই নিয়েই তার সমালোচনায় উঠেপড়ে লেগেছে সংবাদমাধ্যম আর অনলাইন প্রকাশনাগুলো। এলএলসি'র সুবিধা হল প্রতিষ্ঠানটির পুঁজি লাভজনক খাতে বিনিয়োগ করা যায় আর তার বিনিময়ে কর দিতে হয় যথেষ্টই কম।

নতুন এই উদ্যোগকে কর ফাঁকির উপায় হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সমালোচকরা মনে করছেন এ উদ্যোগ জাকারবার্গের নিজের শেয়ার বিক্রির ক্ষেত্রে কর ফাঁকি দেওয়ার একটি উপায় হতে পারে। এই পদক্ষেপ না নিয়ে কেন তিনি একটি সাধারণ দাতব্য প্রতিষ্ঠান গঠন করলেন না?—এমন প্রশ্নও ছুঁড়েছেন তারা।

সমালোচকদের এমন প্রশ্নের জবাবে নিজস্ব একটি ব্যাখ্যা দিয়েছেন জাকারবার্গ। ফেইসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “প্রচলিত উপায়ে তহবিল গঠন না করে এলএলসি গঠন করে চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভে শেয়ার দানে আমরা করের কোনো সুবিধা নিচ্ছি না, তবে আমরা আমাদের ইচ্ছা কার্যকর করতে সুবিধা পাচ্ছি।”

জাকারবার্গ আরও বলেন, “বরং প্রচলিত তহবিলে আমাদের শেয়ার দান করলে আমরা সঙ্গে সঙ্গে কিছু করবিষয়ক সুবিধা পেতাম, কিন্তু এলএলসি ব্যবহারে আমরা সেটা পাচ্ছি না। আর অন্য সবার মতো এলএলসি'র মাধ্যমে আমাদের শেয়ার বিক্রি করা হলে আমরা কর পরিশোধ করব।”