২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে হ্যাকে সন্ত্রাসীরা দায়ী: চীন

হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের লক্ষাধিক সরকারি কর্মকর্তার ডেটা চুরির ঘটনায় সন্ত্রাসীদের দায়ী করেছে চীন। আর এর সঙ্গে নিজেদের কোনও প্রকার সংশ্লিষ্টতা নেই বলেও দাবী করেছে দেশটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 07:28 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

চলতি সপ্তাহে সাইবার হুমকি মোকাবেলায় পারস্পারিক সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে একটি বৈঠক হয়। এ বৈঠকের বিষয়ে চীনের রাষ্ট্রীয় মিডিয়ায় এমন খবর জানানো হয়েছে।

ওই খবরে বলা হয়, “আলোচনায় অংশ পাওয়া অনেকগুলো বিষয়ের মধ্যে একটি হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাদের ব্যাক্তিগত ডেটা চুরির বিষয়ে চীনা হ্যাকারদের দায়ী করা। প্রথমদিকে এটি চীনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়া বলে যুক্তরাষ্ট্র সন্দেহ করলেও, তদন্তের পর এটি একটি সন্ত্রাসী মামলায় পরিণত হয়েছে।”

তবে ওই তদন্তের বিষয়ে বা কোন সন্ত্রাসীরা এই হামলায় যুক্ত তা নিয়ে ওই খবরে কিছু জানানো হয়নি।

চলতি বছর জুনে ওই সাইবার হামলার ঘটনায় ২ কোটি ২০ লাখ সরকারি কর্মকর্তার ব্যাক্তিগত ডেটা চুরির খবর জানায় মার্কিন সরকার। সে সময় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টিলিজেন্স পরিচালক জেমস ক্ল্যাপার এই হামলার পেছনে চীনের হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছিলেন।

ওই হামলায় চুরি হওয়া ডেটা ব্যবহার করে চীনা ইন্টিলিজেন্স সংস্থা ভবিষ্যতে চীনে যেতে পারেন এমন মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের পরিচয় শনাক্ত করতে পারে বলে আশংকা করা হয়। এই আশংকা মার্কিন সরকারের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ায় বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।