২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ায় বিস্তৃত 'ইন্সট্যান্ট আর্টিকল'

চীন, ভারত, ইন্দোনেশিয়াসহ এশিয়ার ১১টি দেশের ২০টিরও বেশি মিডিয়াকে নিজেদের প্ল্যাটফর্মে নিয়ে আসার পর এ অঞ্চলে ইন্সট্যান্ট আর্টিকল ফিচার আনছে সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুক। ইতোমধ্যে আরও ৩০টি মিডিয়া 'শিগগিরই' ইন্সট্যান্ট আর্টিকল ব্যবহার করে নিজেদের কনটেন্ট প্রকাশে রাজি হয়েছে বলে জানিয়েছে এই সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 07:19 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, সংবাদ প্রতিবেদন প্রকাশে সহায়তা করতে আর পাঠকদের কম সময়ে সংবাদ পাঠের সুবিধা দিতে এই ফিচার বানিয়েছে ফেইসবুক। চলতি বছর মে মাসে নিউ ইয়র্ক টাইমস, বাজফিড আর ন্যশনাল জিওগ্রাফিক-কে নিয়ে যাত্রা শুরু করে ইন্সট্যান্ট আর্টিকল।

এরপর অন্যান্য বাজারেও নিজেদের মিডিয়া ফরম্যাট আনতে কাজ শুরু করে এই সোশাল নেটওয়ার্ক জায়ান্ট। চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ আমেরিকা, নভেম্বরে ভারতে আনা হয় ইন্সট্যান্ট আর্টিকল। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৫০ কোটিরও বেশি ফেইসবুক ব্যবহারকারী রয়েছেন। নতুন এই সেবা দিয়ে এই বিশাল ব্যবহারকারীর সংখ্যাকে কাজে লাগানোর সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটির।

ফেইসবুকের গ্লোবাল মিডিয়া পার্টনারশিপস পরিচালক অ্যান্ডি মিচেল বলেন, "এশিয়ায় ইন্সট্যান্ট আর্টিকল চালু করা এই সেবার জন্য আর আমাদের শুরুর সময়কার পার্টনারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রকাশকদের কাছ থেকে বিস্তৃত ফিডব্যাক পাওয়ার পরই ইন্সট্যান্ট আর্টিকল বানানো হয়েছে আর ফেইসবুক অ্যাপে পাঠকদের জন্য দ্রুত প্রতিবেদন প্রকাশে সহায়তা করতে আমাদের এশিয়ার প্রকাশনা পার্টনারদের সঙ্গে এই সমন্বয় আনার বিষয়ে আমরা উৎফুল্ল।"

এই অঞ্চলে আরও দেশের প্রকাশকদের সঙ্গে পার্টনারশিপ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ফেইসবুক।