২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রির ‘কথাতেই’ বাড়ল ইয়াহু’র শেয়ারমূল্য

ধুঁকতে থাকা ইন্টারনেট ব্যবসা বিক্রি পরিকল্পনার কথা জানানোর সঙ্গে সঙ্গে বেড়ে গেছে ইয়াহুর শেয়ারমূল্য। বুধবার প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ছয় শতাংশ বেড়ে যায়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 06:46 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

বুধবার থেকে শুরু হওয়া প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে ইন্টারনেট ব্যবসা বিক্রির বিষয়ে আলোচনার বসে। কিন্তু বুধবার পর্যন্ত তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেননি বলে জানিয়েছে রয়টার্স।

বুধবার শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ছিল শুরুর চেয়ে ৫.৮ শতাংশ বেশি অর্থাৎ ৩৫.৬৫ ডলার।

নিজেদের প্রচলিত ব্যবসাকে ঘুরাতে প্রতিষ্ঠান প্রধান মারিসা মেয়ার-এর করা প্রচেষ্টায় খুব একটা সাফল্য আসেনি। শেষ পর্যন্ত চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবায় থাকা শেয়ার আর ইয়াহু জাপানের শেয়ারসহ পুরো প্রতিষ্ঠানের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩ হাজার ৪শ’ কোটি ডলার।

আলিবাবায় থাকা অংশটি আলাদা করে দিলে বাজারমূল্য কিছুটা বাড়তে পারে বলে আশা করা হচ্ছিল। কিন্তু ইয়াহু হর্তাকর্তাদের ওই আশাতেও গুড়েবালি দিয়ে দেয় যুক্তরাষ্ট্রের রাজস্ব সংস্থা ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস)। এই পদক্ষেপ নিতে গেলে তাদেরকে বিশাল অংকের কর দিতে হবে বলে আদেশ দেওয়া হয়। এরপর মূল ব্যবসা বিক্রি করে দেওয়াই যেন তাদের হাতে একমাত্র পরিত্রাণের রাস্তা হয়ে দাঁড়ায়।

আলাদা আলাদা করে ইয়াহুর মেইল ব্যবসা, ইয়াহু সার্চ, টাম্বলার ওয়েব সাইট আর মোবাইল সেবাগুলো ২শ' থেকে ৮শ' কোটি ডলারে বিক্রি করা যেতে পারে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষক আর ব্যাংকাররা। তবে, অনেকেই এক্ষেত্রে ৪শ' কোটি ডলারকে সম্ভাব্য মূল্য হিসেবে দেখছেন। এগুলো বিক্রি করে দেওয়া হলে, প্রতিষ্ঠানটির ঝুড়িতে শুধু ইয়াহু জাপান আর আলিবাবায় থাকা শেয়ারই থাকবে।

এক্ষেত্রে টেলিযোগাযোগ ও ব্রডব্যান্ডসেবাদাতা প্রতিষ্ঠান ভেরাইজন আর মিডিয়া ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসি-কে সম্ভাব্য আগ্রহী হিসেবে দেখছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। তবে, ভেরাইজনের এক সূত্র জানিয়েছে, এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে কোনো আলোচনা হয়নি। আর আইএসি-এর পক্ষ থেকে এ নিয়ে কোনো জবাব দেওয়া হয়নি।

২০১২ সালে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব নেন মারিসা মেয়ার। এরপর শেয়ার বাজারে প্রতিষ্ঠানটির মূল্য প্রায় দ্বিগুণ হয়েছিল বলে জানিয়েছে রয়টার্স। তবে, মেয়ার- এর প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির গবেষণা আর উন্নয়নে উন্নতি হলেও, প্রচারণায় খুব একটা ভালো হয়নি বলে জানান ইয়াহুর ইন্টারনেট, মিডিয়া আর বিনোদন গবেষণাবিষয়ক ব্যবস্থাপনা পরিচালক মার্টিন পাইককোনেন। তিনি বলেন, "এত সহজে এগুলো ভোলা যায় না। সাড়ে তিন বছর আগে উন্নতি হচ্ছে না এমন একটি প্রতিষ্ঠানে আসেন তিনি আর তা এখনও উন্নতি করছে না।”