‘নিবন্ধিত’ মুভি ও টিভি সিরিজ ইউটিউবে?
নিজেদের ৯ ডলার ৯৯ সেন্টের মাসিক সাবস্ক্রিপশন সেবা ইউটিউব রেড-এ টিভি সিরিজ এবং মুভি স্ট্রিমিং আনার লক্ষ্যে কাজ করছে ইউটিউব।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউটিউবের এই পদক্ষেপ প্রসঙ্গে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এরকম কয়েকজনের তথ্যের ভিত্তিতে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনটিতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে প্রতিষ্ঠানটির নির্বাহীরা বিভিন্ন হলিউড স্টুডিও এবং প্রোডাকশন প্রতিষ্ঠানের সঙ্গে দেখা করেছেন এবং নতুন কনটেন্টের নিবন্ধন নেওয়ার লক্ষ্যে আলোচনা করছেন। তবে অ্যালফাবেট ইনকর্পোরেটের মালিকানাধীন এই অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব ঠিক কোন মুভি বা টিভি সিরিজের নিবন্ধন নিতে আগ্রহী, সে বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, ইউটিউব এখনও সিদ্ধান্ত নিচ্ছে, তারা কী পরিমাণ কনটেন্টের লাইসেন্স নেবে, তবে প্রতিষ্ঠানটি ২০১৬ সালের মধ্যে নিজেদের আসল এবং নিবন্ধন করা বেশ মজবুত একটি সংগ্রহ দাঁড় করাতে চাচ্ছে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইউটিউবের এ বিষয়ক বৈঠকগুলোতে এমটিভি-এর সাবেক প্রোগ্রামিং প্রধান সুসান ডানিয়েলস এবং সাবেক নেটফ্লিক্স কনটেন্ট নির্বাহী কেলি মেরিম্যান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউটিউবের কোনো মন্তব্য এখনও সংগ্রহ করা সম্ভব হয়নি বলেই জানিয়েছে রয়টার্স।
