পরোয়ানা ছাড়া ট্র্যাকিং নয়
আদালতের পরোয়ানা ছাড়া এখন থেকে আর সেলফোন-ট্র্যাকিং টেকনোলজি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের কর আদায়কারী সংস্থা ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস)-এর অপরাধ তদন্তকারীরা। মঙ্গলবার দেশটির কংগ্রেসকে পাঠানো এক চিঠিতে এ কথা জানান আইআরএস কমিশনার।
আইআরএস কমিশনার জন কসকিনেন জানিয়েছেন, সেলফোন টাওয়ার ব্যবহার করে ব্যবহারকারীর স্থান শনাক্ত করার প্রযুক্তি ব্যবহার নিয়ে বিচার বিভাগের দেওয়া নির্দেশনা মানতে তার সংস্থা একটি নীতিমালার খসড়া তৈরি করছে। এখন থেকে এ প্রযুক্তি ব্যবহারে সম্ভাব্য কারণ আর বিচারকের স্বাক্ষরসহ পরোয়ানার প্রয়োজন হবে, তবে জরুরী ও বিশেষ ক্ষেত্রে এর ব্যাতিক্রম ঘটতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, চলতি বছরের ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের সিনেট ফাইন্যান্স কমিটির উর্ধ্বতন সদস্য ও মার্কিন সিনেটর রন ওয়াইডেন-কে এই নীতিমালা দিয়ে একটি চিঠি পাঠান কসকিনেন।
এ বিষয়ে কসকিনেন বলেন, “মুদ্রা পাচার, মাদক পাচার, আন্তর্জাতিক কর ফাঁকি ঠেকাতে আইআরএস-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু কর আদায় আর ব্যক্তিগত প্রাইভেসি রক্ষা পারস্পারিক বাধা সৃষ্টিকারী হওয়া যাবে না।”
