এশিয়ায় ফেইসবুক-এর ডেটা সেন্টার!
৩০ কোটি ডলার বিনিয়োগ করে তাইওয়ানে নতুন ডেটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনা যাচাই করছে ফেইসবুক। বুধবার প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, পরিকল্পনা সফল হলে এটিই হবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ফেইসবুক-এর প্রথম ডেটা সেন্টার।
ফেইসবুক-এর ডেটা সেন্টার গড়ে তুলতে প্রথমে ছয় একর জায়গার প্রয়োজন পড়লেও ভবিষ্যতে তা ২০ একর পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তাইওয়ানের চ্যাংহুয়া কাউন্টি-এর ম্যাজিস্ট্রেট ওয়েই মিং-কু। এ প্রসঙ্গে মিং-কু বলেন, “তারা যাতে পর্যাপ্ত পানি এবং বিদ্যুৎ সরবরাহ পায়, সেটি নিশ্চিত করতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি.... আমরা আশা করছি, তারা আসবেন।” তাইওয়ানের চ্যাংহুয়া কাউন্টি-তে ইতোমধ্যেই ওয়েব জায়ান্ট গুগল-এর ডেটা সেন্টার রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
অন্যদিকে ফেইসবুক জানিয়েছে, এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এই বিষয়ে। এ প্রসঙ্গে এক ইমেইল বার্তায় প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, “বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের কোটি মানুষকে যুক্ত করতে আমরা কাজ করে চলেছি, সবসময়ই নতুন ডেটা সেন্টার গড়ে তোলার জন্য সম্ভাব্য নতুন নতুন স্থান বিবেচনা করছি, কিন্তু এই মুহূর্তে আমাদের ঘোষণা করার মতো কিছু নেই।”
