২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াই-ফাই গতি কমায় ইলেকট্রনিক ডিভাইস

ক্রিসমাস ট্রি সাজানোর বাতি থেকে শুরু করে মাইক্রোওয়েভ, বেবি মনিটর, টেলিভিশনসহ অধিকাংশ ইলেকট্রনিক্স ডিভাইসই ওয়াই-ফাই সংযোগের গতি মন্থর করে দেয় বলে জানিয়েছে যুক্তরাজ্যের টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কর্তৃপক্ষ ‘অফিস অফ কমিউনিকেশন’, যা অফকম নামেই পরিচিত। আর এ কারণে ঘরের ব্রডব্যান্ড গতি পরীক্ষার জন্য ওয়াই ফাই চেকার অ্যাপ এনেছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 06:50 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অ্যাপটি রাউটার থেকে স্মার্টফোন আর ট্যাবলেটে নিরবিচ্ছিন্ন তথ্য প্রবাহ হয় কি না তা পরীক্ষা করে আর ওয়াই-ফাইয়ের গতি দ্রুত করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেয়। অফকমের হিসেব মতে, প্রায় ৬০ লাখ বাড়ি ও অফিসের ওয়াই-ফাই গতি যতটা দ্রুত হওয়া সম্ভব ততটা দ্রুত নয়।

অন্যদিকে যুক্তরাজ্যের টেলিকম ও তারবিহীন নেটওয়ার্ক সংযোগ ব্যবস্থা নিয়ে অফকমের ‘কানেক্টেড নেশন রিপোর্ট ২০১৫’-এর বলা হয়েছে, বর্তমানে দেশটির প্রায় ২৭ শতাংশ বাড়িতে ৩০ এমবিপিএসের ব্রডব্যান্ড সেবা ব্যবহৃত হচ্ছে, ২০১৪ সালে যা ছিল ২১ শতাংশ। একই সময়ে দেশটিতে দ্রুতগতির ব্রডব্যান্ডের ব্যবহার ৭৫ শতাংশ থেকে বেড়ে ৮৩ শতাংশ হয়েছে।

যুক্তরাজ্যের প্রায় ৮ শতাংশ বাড়িতে ১০ এমবিপিএসের বেশি গতির ব্রডব্যান্ড সেবা পাওয়া যায় না, যার অধিকাংশই গ্রামাঞ্চলে বলে ওই গবেষণায় জানা গেছে। সেই সঙ্গে ছোট ও মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠানগুলো অনেকক্ষেত্রেই ১০ এমবিপিএসের বেশি গতির ব্রডব্যান্ড ব্যবহার থেকে বঞ্চিত, এমনকি অনেক সময় ব্যবহারের অনুমতিও দেওয়া হয় না বলে জানিয়েছে ওই প্রতিবেদন। এ কারণে ব্রডব্যান্ডের গতি আরও বাড়ানো উচিৎ বলে পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।