৫ ডলার মূল্যে রাসবেরি পাই যে কারণে
স্বল্প মূল্যে কম্পিউটার বানিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেয় রাসবেরি পাই। এবার ১৫ হাজার রাসবেরি পাই কিনতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট গুগল। এরই মধ্যে ৫ মার্কিন ডলার মুল্যের রাসবেরি পাই কিনতে ফাউন্ডেশনকে ১ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে গুগল। এই অর্থে কেনা রাসবেরি পাই কম্পিউটারগুলো স্কুলের বাচ্চাদের দেওয়া হবে বলে গুগল জানিয়েছে।
২০১৩ সালে এক অনুষ্ঠানে এই অনুদান ঘোষণা করার পর গুগলের চেয়ারম্যান এরিক স্মিড জানতে চান, “রাসবেরি পাই ভবিষ্যতে কি করতে যাচ্ছে?” এর উত্তরে রাসবেরি পাই এর প্রতিষ্ঠাতা এবেন আপটন বলেছিলেন, ভবিষ্যতে কিছুটা বেশি দামের রাসবেরি পাই বানাতে যাচ্ছেন তারা। নতুন এই রাসবেরি পাই এর মূল্য ৫০ থেকে ৬০ মার্কিন ডলার হবে বলে জানিয়েছিলেন তিনি।
ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, রাসবেরি পাই এর ওই পরিকল্পনাতে তখন একমত হতে পারেননি গুগল (এখন অ্যালফাবেট)-এর নির্বাহী চেয়ারম্যান। এ ব্যাপারে আপটনকে স্মিত বলেছিলেন তাদের উচিত আরও কম মুল্যে কম্পিউটার তৈরির চেষ্টা করা। জবাবে আপটন বলেন, সস্তার সঙ্গে পাল্লা দিয়ে চলাটা কষ্টকর। তাদের ইচ্ছা এই মূল্যে আরও বেশি ক্ষমতাসম্পন্ন কম্পিউটার তৈরি করা।
২০১৫ সালের শুরুতেই রাসবেরি পাই ১ এর সমমূল্য ৩৫ মার্কিন ডলারে রাসবেরি পাই ২ বাজারে আনে এই ফাউন্ডেশন। গুগল চেয়ারম্যান স্মিড এর সঙ্গে সেই কথোপকথনের ৩ বছর পর বৃহস্পতিবার মাত্র ৫ মার্কিন ডলার মূল্যের রাসবেরি পাই জিরো আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
তবে রাসবেরি পাই কোনও পূর্ণাঙ্গ কম্পিউটার নয়। ৫ মিমি সার্কিট বোর্ডের উপর তৈরি এই কম্পিউটার চলবে ১ গিগাহার্জ ব্রডকম মাইক্রোপ্রসেসর এবং ৫১২ মেগাবাইট র্যামের সাহায্যে । এছাড়াও সকেটের মাধ্যমে এতে মাউস, কিবোর্ড এবং মনিটর সংযোগ করা যাবে। পাওয়ার, ভিডিও এবং ওয়াইফাই ডঙ্গল ব্যাবহারের জন্য এতে রয়েছে ইউএসবি পোর্ট। এছাড়াও বিভিন্ন ধরনের সেন্সর সংযুক্ত করার জন্য এতে ৪০ পিনের বার রয়েছে। লিনাক্সনির্ভর রাসবিয়ান অপারেটিং সিস্টেমে চলবে এই ক্ষুদ্র কম্পিউটার।
ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টোরে পাওয়া যাচ্ছে রাসবেরি পাই। যুক্তরাষ্ট্রে এর মূল্য যেখানে ৫ মার্কিন ডলার সেখানে যুক্তরাজ্যে এর দাম ধরা হয়েছে ৩.৯৯ ব্রিটিশ পাউন্ড বা ৬ মার্কিন ডলার।
