২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওলা-তে এলেন ইনফোসিস সিএফও

সম্প্রতি ইনফোসিস লিমিটেড-এর নির্বাহী রাজিভ বানসাল-কে নিজেদের প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে ভারতের অনলাইন পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান ওলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2015, 05:31 PM

Updated : 22 Aug 2022, 02:03 PM

এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের দ্বিতীয় বৃহত্তম সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান ইনফোসিস-এ আর্থিক প্রধান এবং প্রধান নির্বাহীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেন বানসাল। ইনফোসিস-এর গ্রাহক তালিকায় রয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ও ওয়াল-মার্ট-এর মতো প্রতিষ্ঠান।

বেঙ্গালুরুভিত্তিক ওলা-তে ২০১৬ সালের জানুয়ারিতে যোগ দেবেন বানসাল। নিজ দেশে ওলা মূলত উবার-এর ট্যাক্সি সার্ভিসের সঙ্গে প্রতিযোগিতা করে থাকে। বর্তমানে ভারতের ১০২টি শহরে ওলা’র তিন লাখ ৫০ হাজারের বেশি নিবন্ধিত পরিবহন রয়েছে বলেই জানিয়েছে রয়টার্স।

এ ছাড়াও নভেম্বর মাসের শুরুতেই জাপানের সফটব্যাংক গ্রুপসহ বিভিন্ন বিনিয়োগকারীর কাছ থেকে ৫০ কোটি ডলার পুঁজি সংগ্রহ করেছে ওলা। বিদ্যমান সেবায় এবং নতুন বাজার ও পণ্যের ক্ষেত্রে বিনিয়োগের জন্য এ পুঁজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে —এমনটাই প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে বানসাল-কে যে পদে নিয়োগ দেওয়া হয়েছে, সে পদের দায়িত্ব এতদিন পালন করেছেন মিতেশ শাহ। তিনি এখন থেকে প্রতিষ্ঠানটির আর্থিক উদ্যোগের কৌশলগত বিষয়গুলোর দেখভাল করবেন।