সাইবার অপরাধীদের ‘ক্রিসমাস’ প্রস্তুতি
বিশেষজ্ঞরা সতর্কবাণী জানিয়েছেন, খুচরা বিক্রেতা এবং ক্রিসমাস ক্রেতাদের উপর আক্রমণ চালাতে ম্যালওয়ার ও স্প্যামের ক্যাম্পেইনের প্রস্তুতি নিচ্ছেন সাইবার অপরাধীরা।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্প্যাম ও ফিশিং ইমেইলের মাত্রাও হঠাৎ করেই বেড়েছে বলেও জানিয়েছেন গবেষকরা।
নিরাপত্তা প্রতিষ্ঠান আইসাইট জানিয়েছে, সাইবার অপরধীদের একটি দল নিজেদের ম্যালওয়্যার আপডেট করেছে, ম্যালওয়্যারটির সাহায্যে আগে বিভিন্ন স্টোরে সাইবার আক্রমণ চালানো হত। এ ছাড়াও বেশ কিছু সংখ্যক অপরাধ সংগঠন জনপ্রিয় শপিং অ্যাপগুলোর ভুয়া কপি তৈরি করেছে বলেই জানিয়েছে বিবিসি।
এ প্রসঙ্গে আইসাইট-এর সিনিয়র পরিচালক স্টিফেন ওয়ার্ড জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বৃহত্তম ৫০টি রিটেইল ব্র্যান্ড বর্তমানে নিজেদের কর্পোরেট নেটওয়ার্ক সার্ভারে মডপস ম্যালওয়্যার আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে।
মডপস ম্যালওয়্যার প্রসঙ্গে ওয়ার্ড আরও বলেছেন, “এটি একটি সুইস-আর্মি ছুরির মতো যা যে কোনো অসাধু কাজে ব্যবহার করা যায়”
সোফোস-এর সিনিয়র নিরাপত্তা উপদেষ্টা পল ডাকলিনও ক্রিসমাস উপলক্ষ্যে হ্যাকারদের একত্রিত হওয়ার ব্যাপারে সতর্কবাণী জানিয়েছেন। তিনি জনসাধারণকে ইমেইল ও মেসেজিং সেবার মাধ্যমে পাঠানো অফারের ব্যাপারে সাবধানতা ও সাধারণ জ্ঞান অবলম্বন করার অনুরোধ জানিয়েছেন।
