এফবিআই থেকে অর্থ নেয়নি সিএমইউ
অপরাধী কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যারে আক্রমণের জন্য এফবিআই কার্নেগি মেলন ইউনিভার্সিটি-কে (সিএমইউ) অর্থ দেয় এমন প্রতিবেদন ‘সঠিক নয়’ বলেই দাবি করেছে ইউনিভার্সিটিটি। গত সপ্তাহে টর প্রজেক্ট দাবি করেছিল, এফবিআই অর্থের বিনিময়ে কার্নেগি মেলন ইউনিভার্সিটিকে তাদের সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করার দায়িত্ব দিয়েছিল।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বুধবার ওই ইউনিভার্সিটির তরফ থেকে জানানো হয়েছে প্রতিবেদনটি ‘সঠিক নয়’।
টর ওয়েব ব্রাউজারের মূল সেবা হচ্ছে, মানুষ নিজ পরিচয়, অবস্থান গোপন রেখে ইন্টারনেট ব্রাউজ করতে পারে। ২০১৪ সালে টর নেটওয়ার্ক আবিষ্কার করে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে এমন ব্যবহারকারীদের পরিচয় বের করার চেষ্টা চালানো হচ্ছে। পরবর্তীতে টর থেকে জানানো হয়, ওই আক্রমণটির সঙ্গে কার্নেগি মেলন ইউনিভার্সিটি জড়িত। কারণ ওই বছরের ব্ল্যাক হ্যাট সাইবারসিকিউরিটি সম্মেলনে, কীভাবে হাজারো টর ব্যবহারকারী ও সেবার পরিচয় বের করা সম্ভব তা নিয়ে বক্তৃতা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ওই ইউনিভার্সিটির দুই গবেষক।
পরবর্তীতে গবেষকরা আর ওই বিষয়ে বক্তব্য না দিলেও, ওই বছরেই এফবিআই সিল্ক রোড ২-সহ ডজনখানেক টর সাইট বন্ধ করে দিয়েছিল। এ ঘটনার পর থেকেই টর প্রজেক্ট দাবি করে আসছে, এফবিআই ইউনিভার্সিটিটিকে ওই গবেষণাটি করার জন্য দশ লাখ ডলার দিয়েছিল।
কার্নেগি মেলন ইউনিভার্সিটি জানিয়েছে, সফটওয়্যার নিরাপত্তা তদন্তের জন্য তাদের সরকারি তহবিলে তৈরি একটি গবেষণা কেন্দ্র রয়েছে। এক বিবৃতিতে ইউনিভার্সিটিটি জানিয়েছে, “ইউনিভার্সিটি বিভিন্ন সময়ে সরকারি সমনের অনুরোধে গবেষণা করে থাকে। ইউনিভার্সিটি আইন মেনে চলে এবং সমনের অনুরোধে গবেষণা করে থাকে ও সেসব সহযোগিতার জন্য আমাদের অতিরিক্ত কোনো তহবিল দেওয়া হয় না।
তবে বিবিসি জানিয়েছে, কার্নেগি মেলন ইউনিভার্সিটি সরাসরি অস্বীকার করেনি এফবিআই অর্থের বিনিময়ে তাদের দিয়ে টরে গবেষণা চালিয়েছিল কিনা।
