২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকল্পের ব্যর্থতায় বিপাকে কিকস্টার্টার

দুটি বড় প্রকল্পের আচরণে বিপাকে পড়ে গেছে অনলাইন ক্রাউড ফান্ডিং সাইট কিকস্টার্টার। প্রজেক্ট দুটিতে যারা অনুদান দিয়েছিলেন, তারা এখন চড়াও হয়েছেন কিকস্টার্টারের উপর। মঙ্গলবারে প্রথমে ব্যর্থতা বরণ করে ব্রিটিশ ন্যানো ডোন ‘যানো’ প্রকল্প এবং তার পরপরই আরেক কিকস্টার্টার প্রকল্প অ্যামাজনের সঙ্গে চুক্তি করে খেপিয়ে দিয়েছে সাইটটির অনুদানদাতাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 08:23 PM

Updated : 22 Aug 2022, 02:00 PM

কিকস্টার্টারের বৃহৎ ওই প্রকল্প দুটি আদতে কী এমন করেছে যার কারণে অনুদানদাতারা ক্ষেপেছেন, সে বিষয়টি এক প্রতিবেদনে তুলে ধরে ধরেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

কিকস্টার্টারের সবচেয়ে সফল ইউরোপিয়ান প্রকল্প হিসেবে সুনাম কুড়াতে সক্ষম হয়েছিল ন্যানো ড্রোনের যানো প্রকল্পটি। প্রকল্পে বলা হয়েছিল, তারা ছোট আকৃতির এমন একটি ড্রোন বানাবে যা স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং ড্রোন মালিকরা চাইলেই কমান্ডের মাধ্যমে নিজ উড়ন্ত ড্রোন পাশে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। কিকস্টার্টারে নিমিষেই জনপ্রিয় হয়ে উঠল প্রকল্পটি এবং ২৩ লাখ পাউন্ডেরও বেশি অনুদান সংগ্রহ করতে সক্ষম হল।

কিন্তু তৈরির সময় কারিগরি ত্রুটির ফলে বারবার পেছানো হল ড্রোন সরবরাহের তারিখ। অবশেষে একটি পর্যায়ে এসে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষমাপ্রার্থনা করে জানানো হল, তারা ওই মিনি ড্রোন তৈরিতে ব্যর্থ হয়েছেন। যে প্রতিষ্ঠানটি ওই প্রকল্প নিয়ে এসেছিল, বর্তমানে তাদের টুইটার অ্যাকাউন্ট নিরব এবং ওয়েবসাইট অফলাইনে রয়েছে বলেই জানিয়েছে গার্ডিয়ান।

দ্বিতীয় বৃহত্তম ও কিকস্টার্টারে জনপ্রিয় প্রকল্প কুলেস্ট কুলার মূলত বিয়ার ঠাণ্ডা করার এমন একটি যন্ত্র, যেটিতে ব্লুটুথ স্পিকার, আইফোন ডক, বরফ-ভাঙতে পারবে এমন ব্লেন্ডার, ইউএসবি চার্জার ও বটল ওপেনার রয়েছে। অনেকটা একের মধ্যে অনেক প্যাকেজের মতো। না, এ প্রকল্পটি মিনি ড্রোনের মতো নিজ পণ্য তৈরিতে ব্যর্থ হয়নি। তারা চুক্তি করে বসেছে অনলাইন রিটেইল শপ অ্যামাজনের সঙ্গে। ফলে যারা প্রকল্পটিতে অনুদান দিয়ে এটি উৎপাদনে সহযোগিতা করেছিল তাদের হাতে পণ্যটি আসবে এপ্রিল ২০১৬-তে। আর যদি তারা এখনই পণ্যটি পেতে চান, তাহলে তাদের অ্যামাজন থেকে চারশ’ ৯৯ ডলার দিয়ে পণ্যটি কিনতে হবে।

এখন ক্ষিপ্ত অনুদানদাতারা কিকস্টার্টারে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। অনেকে আবার কিকস্টার্টার প্ল্যাটফর্মের আর কোনো প্রকল্পে অনুদান দেবেন না বলেও জানিয়েছেন।