২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যাকডোর’ দেবে না প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো

সম্প্রতি মার্কিন প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের জন্য এনক্রিপশন প্রযুক্তিতে কোন ব্যাকডোর তৈরি করবে না তারা। সরকার আগে থেকেই এনক্রিপশন প্রযুক্তিতে ব্যাকডোর তৈরির জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে চাপের মধ্যে রেখেছিল, আর প্যারিস হামলার পর সরকারি সে চাপ আরও বেড়েছে বলেই জানিয়েছে বিভিন্ন গন্যমাধ্যম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 08:18 PM

Updated : 22 Aug 2022, 02:00 PM

এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, প্যারিসে হামলার প্রায় সপ্তাহখানেক পর বৃহস্পতিবার ইনফরমেশন টেকনলজি ইন্ডাস্ট্রি কাউন্সিল এ বিবৃতি প্রকাশ করেছে।

গোয়েন্দা সংস্থার কিছু সংখ্যক কর্মকতা ও আইন প্রণেতাদের দাবী, এনক্রিপশন প্রযুক্তির সাহায্যে গোপনে সন্ত্রাসী আক্রমণের পরিকল্পনা করতে সক্ষম হচ্ছে চরমপন্থী সংগঠনগুলো। এজন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উচিত সরকারের জন্য এনক্রিপশন প্রুযুক্তিতে এমন একটি ব্যাকডোর তৈরি করে দেওয়া, যেটির মাধ্যমে তারা এ প্রযুক্তিতে প্রবেশাধিকার পাবেন।

কিন্তু ব্যক্তিগত গোপনীয়তার সমর্থনকারী, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা এ ধরনের ব্যাকডোরের মাধ্যমে গ্রাহকদের ডেটা হ্যাকারদের হাতেও চলে যেতে পারে।

এ প্রসঙ্গে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল, ওয়েব জায়ান্ট গুগল, সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এবং আরও ডজনখানেক ব্লু-চিপ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ওয়াশিংটনভিত্তিক সংস্থার ডিন গারফিল্ড বিবৃতিতে বলেছেন, “প্যারিস আক্রমণের মতো দুঃখজনক ঘটনার পর, আমরা স্বাভাবিকভাবেই সমাধান খুঁজব। কিন্তু এনক্রিপশন দুর্বল করা কোনো সমাধান হতে পারে না। এনক্রিপশন হচ্ছে এমন একটি নিরাপত্তা টুল, যার উপর আমরা প্রতিদিন ভরসা করে থাকি যে অপরাধীরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট শূণ্য করে দিতে পারবে না, আমাদের গাড়ি এবং বিমানের নিয়ন্ত্রণ ম্যালিশাস হ্যাকারদের হাতে চলে যাবে না।

গারফিল্ড আরও বলেছেন, “আমাদেরকে যে আইন প্রয়োগকারী সংস্থা ও জাতীয় নিরাপত্তা কমিউনিটি নিরাপদ রাখতে চাচ্ছে, আমরা সে বিষয়টি গভীরভাবে উপলব্ধি করছি। এনক্রিপ্টেড ডিভাইস ও ডেটার জন্য এনক্রিপশন দুর্বল করা বা ব্যাকডোর তৈরি করলে লাভের চেয়ে ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি।”