গুগল ক্লাউডের দায়িত্বে ডায়ান গ্রিন
ক্লাউড ব্যবসায়ের পরিধি আরও বাড়াতে বৃহস্পতিবার নিজ প্রতিষ্ঠানের বোর্ড সদস্য ডায়ান গ্রিনকে নিয়োগ দিয়েছে ওয়েব জায়ান্ট গুগল। ক্লাউড সেবায় গ্রিনের নতুন দায়িত্ব প্রসঙ্গে গুগলের সহ-প্রতিষ্ঠাতা এবং অভিভাবক প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটের প্রধান নির্বাহী ল্যারি পেইজ বলেছেন, “গুগলের বৃহৎ নতুন দায়িত্ব”।
এক প্রতিবেদনে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গ্রিন গুগল এন্টারপ্রাইজ ব্যবসায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পাশাপাশি প্রতিষ্ঠানটির বোর্ড সদস্য হিসেবেও থাকবেন।
গ্রিনকে ক্লাউড ব্যবসায়ের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাই জানিয়েছেন, গ্রিন এমন একজন কর্মী, যিনি এন্টারপ্রাইজের কী প্রয়োজন তা বুঝতে সক্ষম হবেন এবং কর্পোরেট ক্লাউড বাজারে লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানকে সাহায্য করতে পারবেন। গ্রিন তার নতুন দায়িত্ব প্রসঙ্গে বলেছেন, “আমরা গুগলের সব প্রযুক্তি একটি স্থানে এনে তা ব্যবহার উপযোগী করে তুলতে চাচ্ছি। এতে করে প্রতিষ্ঠান আরও দ্রুত এগোতে এবং সিদ্ধান্ত নিতে পারবে।”
ক্লাউড ব্যবসায় প্রসঙ্গে গুগলের বর্তমান প্রধান নির্বাহী সুন্দার পিচাই ইতোপূর্বে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিশ্বের খুব স্বল্প সংখ্যক ডেটা এখন ক্লাউডে রয়েছে। আর বিশ্লেষক ও নির্বাহীরা এ ব্যবসা প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, ক্লাউড ব্যবসা ধীরে ধীরে গড়ে উঠছে।
গুগলের ক্লাউড ব্যবসার ব্যাপারে বিশ্লেষকরা জানিয়েছেন, প্রতিষ্ঠানটি তাদের ক্লাউড ব্যবসায় কম্পিউটিং, স্টোরেজ, ডেটা বিশ্লেষণ এবং অন্যান্য যে সেবাগুলো দিয়ে থাকে, ঠিক অনুরূপ সেবা অ্যামজনও দেয়। আর গুগলের এই সাম্প্রতিক পদক্ষেপ প্রসঙ্গে গার্টনারের বিশ্লেষক এরিক নিপ বলেছেন, “গুগল এন্টারপ্রাইজ মাইন্ডশেয়ার অর্জন ছাড়া অন্যান্য সবই করছে। এন্টারপ্রাইজ ব্যবসা নিয়ে অন্যরা যেরকম প্রতিযোগিতা করছে, প্রতিষ্ঠানটি তা করছে না।”
অন্যদিকে গুগল জানিয়েছে, ফরচুন ৫০০-এর ৬০ শতাংশ প্রতিষ্ঠান পেইড গুগল সেবা ব্যবহার করছে, এর মধ্যে তাদের ইমেইল এবং অনলাইন অফিস ডকুমেন্ট সবচেয়ে জনপ্রিয়।
