২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চরমপন্থীদের জন্য আইএস ‘হেল্প ডেস্ক’!

চরমপন্থীদের সার্বক্ষণিক সাহায্যের জন্য জঙ্গী সংগঠন আইএস-এর আছে একটি ‘সাইবার হেল্প ডেস্ক’। প্রতিদিন ২৪ ঘন্টা ওই হেল্পডেস্কের মাধ্যমে বিভিন্ন পরিস্থিতিতে চরমপন্থীদের সাহায্য করে থাকে আইএস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 04:26 PM

Updated : 22 Aug 2022, 01:59 PM

এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আদতে আইএস-এর ওই হেল্প ডেস্ক প্রথাগত কল সেন্টারের মত নয়, বরং এর কর্মীরা এর কর্মীরা সাইবার বিশেষজ্ঞ, বিশ্বের বিভিন্ন স্থানে যাদের অবস্থান।

আইএস-এর ওই সাইবার হেল্প ডেস্ক থেকে চরমপন্থীদেরকে অনলাইনে আলাপচারিতা কীভাবে এনক্রিপট করতে হবে, নিজের ব্যক্তিগত তথ্য গোপনের কলাকৌশলগুলো কী, নজরদারি এড়িয়ে কীভাবে টুইটারের মতো অ্যাপ ব্যবহার করা সম্ভব, টেলিগ্রাম অ্যাপে সাইন আপের সময় মোবাইল নাম্বার কীভাবে গোপন করতে হবে, যোগাযোগের জন্য স্কাইপ ব্যবহার করা উচিত কি না, নিজ অবস্থান গোপন রেখে কী ভাবে ইনস্টাগ্রাম ব্যবহার করতে হবে, ফেশিয়াল রিকগনিশন প্রযুক্তিতে কীভাবে ব্যাঘাত ঘটানো সম্ভব ইত্যাদি তথ্য দিয়ে সহযোগিতা করা হয়।

এ প্রসঙ্গে কমব্যাটিং টেরোরিসম সেন্টারের সাইবার বিশেষজ্ঞ ড. অ্যারন ব্র্যান্টলি জানিয়েছেন, আইএস-এর ওই হেল্প ডেস্কটি পাহাড়ে লুকানো কোনো কল সেন্টার নয়। বিশ্বের বিভিন্ন স্থান থেকে পাঁচ-ছয়জন আইটি বিশেষজ্ঞ চরমপন্থীদের ওই সেবা দিয়ে থাকেন।

সিএনএন জানিয়েছে, ওই হেল্প ডেস্কের ট্রেইনিং ম্যানুয়ালও রয়েছে এবং ব্র্যান্টলি ওই ট্রেনিং ম্যানুয়ালের তিনশ’ পৃষ্ঠা পর্যালোচনা করেছেন এবং কী ভাবে গোয়েন্দা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে কৌশলে এড়ানো যায় সে সংক্রান্ত প্রায় ২৫টি ইউটিউব ভিডিও দেখেছেন।

নথি পর্যালোচনা ও ভিডিও দেখার পর ব্র্যান্টলি বলেন, “আমার মনে হয়েছে, সম্পূর্ণ বিষয়টিতে তারা কারিগরিভাবে যথেষ্ট আধুনিক।”