টেলিগ্রাম অ্যাপে ‘কতল’ আইএস
আইএস নির্মূলে মাঠে নেমেছে বার্লিনভিত্তিক মোবাইল মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। অ্যাপটিতে আইএস-এর যে চ্যানেল রয়েছে, সেটির মাধ্যমে অনেকদিন ধরেই প্রোপাগান্ডা চালাচ্ছে চরমপন্থী এ সংগঠনটি।
প্যারিসে সন্ত্রাসী হামলা, রাশিয়ান বিমান ধ্বংস এ ঘটনাগুলোর দায়ভার স্বীকারের জন্য টেলিগ্রাম অ্যাপের নিজ চ্যানেল ব্যবহার করেছে আইএস। তারপর থেকেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই স্তরের এনক্রিপশন নিরাপত্তা প্রযুক্তি সম্বলিত এ অ্যাপটি।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আইএস টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার শুরুর আট সপ্তাহ পরে চরমপন্থী সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে টেলিগ্রাম কর্তৃপক্ষ।
বুধবার এক আনুষ্ঠানিক ঘোষণায় টেলিগ্রাম জানিয়েছে, তারা মোট ৭৮টি আইএস চ্যানেল বন্ধ করেছে এবং ব্যবহারকারীরা যাতে এ ধরনের পাবলিক কনটেন্ট দেখলে রিপোর্ট করতে পারেন, সে বিষয়টি আরও সহজ করবে টেলিগ্রাম, ঘোষণায় এমন প্রতিশ্রুতিও জানিয়েছে অ্যাপ কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে টেলিগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, “টেলিগ্রামের পাবলিক চ্যানেল আইএস প্রোপাগান্ডা ছড়াতে ব্যবহার করছে, সে বিষয়টি জানার পর আমরা বেশ উদ্বিগ্ন বোধ করেছি।”
তবে টেলিগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শুধু পাবলিক উপাদানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, প্রাইভেট যোগাযোগের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেবে না। কারণ অ্যাপটির ওয়েবসাইটেই লেখা রয়েছে, “সব টেলিগ্রাম চ্যাট এবং গ্রুপ চ্যাট, চ্যাটগুলোতে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত বিষয়। অনুরোধ করা হলেও, আমরা সেসব বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারব না।”
বিবিসি জানিয়েছে, টেলিগ্রামে এখনও আল কায়েদার মতো আইএস সমর্থিত বিভিন্ন চরমপন্থী সংগঠনের চ্যানেল রয়েছে। আর যেহেতু প্রাইভেট মেসেজের ব্যাপারে টেলিগ্রাম কোনো ব্যবস্থা নেবে না, সে হিসেবে বলা যায়, আইএস যোগাযোগের প্রয়োজনে টেলিগ্রাম অ্যাপের ব্যবহার চালিয়ে যাবে।
